বিক্ষোভ শেষে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা © সংগৃহীত
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রধান ফটকে তালা লাগিয়ে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দমনের চেষ্টা করা হয়েছে। সোমবার দুপুরে রাজধানীসহ সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলার বিচার ও নৌপরিবহনমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা যাতে ক্যাম্পাসের বাইরে যেতে না পারেন, সে জন্য প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। তবে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ফটক বন্ধ করা হয়েছিল বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল থেকে ক্যাম্পাসের মধ্যে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করতে থাকেন শিক্ষার্থীরা। দুপুরের দিকে বিক্ষোভ করে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে যেতে চাইলে প্রধান ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়। এ সময় ফটকের একপাশে পুলিশ প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালকসহ অন্য কর্মকর্তারা অবস্থান নেন। ফটকের অন্য পাশে শিক্ষার্থীরা দাঁড়িয়ে বিক্ষোভ করতে থাকেন।
প্রায় ২০ মিনিট এভাবে চলার পর কোনো রকম উচ্ছৃঙ্খল আচরণ না করার শর্তে ফটকের তলা খুলে দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা জিরো পয়েন্ট এলাকা পর্যন্ত বিক্ষোভ মিছিল করে আবার ক্যাম্পাসে ফিরে এসে প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন। প্রায় দুইটা পর্যন্ত তাঁদের ওই বিক্ষোভ চলে। এরপর ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলন করেন তাঁরা।
প্রধান ফটকে তালা লাগানোর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক শরীফ হাসান লিমন জানায়, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বাইরে থেকে যেন কেউ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে না পারে, এ কারণে ফটকে তালা লাগিয়েছিল নিরাপত্তারক্ষীরা। পরে সেটা খুলে দেওয়া হয়।
খুবি ছাত্রদের ছয় দফা দাবি:
বিশ্ববিদ্যালয়ের সামনের গল্লামারী থেকে জিরো পয়েন্ট পর্যন্ত মহাসড়কে ভারী যানবাহন চলাচল না করতে দেওয়াসহ ছয় দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলন করে দাবিগুলো তুলে ধরেন শিক্ষার্থীরা। অন্য দাবিগুলোর হল - খুলনার শিববাড়ীসহ সারা দেশে পেটোয়া বাহিনীর সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার বিচার করা, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের ওপর হামলার দ্রুত বিচার করা, নির্দিষ্ট সীমার বাইরে অটোরিকশার লাইসেন্স না দেওয়া ও লাইসেন্সবিহীন সব যানবাহন অবিলম্বে বন্ধ করা, যানবাহন চলাচলের গতিবিধি নিয়ন্ত্রণে আনা এবং খুলনা শহরের অটোরিকশা চলাচলের জন্য একটি আলাদা লেন চালু করা।
শিক্ষার্থীরা হুমকি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মেনে নেওয়া হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে । দাবিগুলো দ্রুত মেনে নেওয়ার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (দক্ষিণ) এহসান শাহর কাছে লিখিতভাবে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছেও একটি স্মারকলিপি দেওয়া হবে বলে জানান শিক্ষার্থীরা ।