আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে হামলার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিক্ষোভ। © টিডিসি ফটো
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে হামলা ও ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগ।
রোববার (৫ আগস্ট) দুপুরে শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর টিপুর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের স্টেশন চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। যা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেয়।
বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহ সভাপতি মনসুর আলম, সাখাওয়াত রাইহান, আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক আরমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ প্রমুখ।
শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু (বিলুপ্ত কমিটির) " দ্য ডেইলি ক্যাম্পাস" কে বলেন, ধানমণ্ডিতে আওয়ামীলীগের পার্টি অফিসে হামলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও উস্কানির প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ মিছিল।
তিনি বলেন, ঢাকাতে যে ঘটনাটা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। স্কুল কলেজের শিক্ষার্থীরা এ ঘটনাগুলো ঘটাতে পারেনা। তারা কখনই এরকম একটা রাজনৈতিক কার্যালয়ে হামলা করতে পারেনা।
শিক্ষার্থীদের উপর জামায়াত- বিএনপি ভর করছে উল্লেখ করে তিনি বলেন, তাদের (ছাত্রদের) এই মনোবল এবং শক্তি নেই। তাদের ইথিকসেও সেটা আসেনা। তাদের উপর ভর করে জামায়াত- বিএনপির লোকেরা এই ধরণের নিন্দনীয় ঘটনা ঘটিয়েছে বলে তিনি মনে করেন। অবিলম্বে হামলার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন টিপু।