পূর্ণা ত্রিপুরাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে চবি’র শহীদ মিনারে ছাত্র ইউনিয়নের মানববন্ধন। © টিডিসি ফটো
খাগড়াছড়ির দীঘিনালায় ৯ বছরের পাহাড়ি শিশু পূর্ণা ত্রিপুরাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্র ইউনিয়ন। মঙ্গলবার দুপুরে সোয়া একটার দিকে চবির শহীদ মিনার চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চবি ছাত্র ইউনিয়নের সভাপতি ধীষন প্রদীপ চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গৌরচাঁদ ঠাকুর অপুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণা সম্পাদক কাজী নওরীন, সদস্য প্রত্যয় নাফাক এবং প্রীতিলতা হলের সদস্য জিগনিটি চাকমা। এছাড়াও মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) সহকারি সাধারণ সম্পাদক সুপন চাকমা।
মানববন্ধনে বক্তারা বলেন, ৯ বছরের আদিবাসী শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে। যদিও এটা এখন পাহাড়ি অঞ্চলের নৃত্য নৈমিত্তিক ঘটনা। একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনীরাও এরকম নৃশংস ঘটনা ঘটাতো। তাছাড়া এটা জাতিগত নিপীড়নেরই অংশ। কোন জাতি-গোষ্ঠীকে নির্মূল করার জন্য ধর্ষণ, হত্যার ঘটনা নতুন নয়।
বক্তারা আরও বলেন,পুঁজিবাদী সমাজ ব্যাবস্থা আমাদেরকে শোষিত ও নির্যাতিতদের কাতারে ঠেলে দিয়েছে। আর তাই বাসের ড্রাইভার-হেলপারদের দ্বারাও আমাদের মা-বোনেরা আজ নির্যাতিত হচ্ছে।
ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ সকলকে আশ্বাসিত করে বলেন বাংলাদেশের যেকোন জায়গায় এরকম নৃশংসতার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সোচ্চার থাকবে, বক্তারা পাহাড়ের বিদ্যমান সংকট ও সমস্যা দ্রুততম সময়ে সমাধান করার দাবি জানান।