‘যাদের কোনো যোগ্যতা নেই, তারা এখন বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি’- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. জাফর ইকবালের এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় পরিষদ।
পরিষদের সভাপতি প্রফেসর ড. মোঃ হারুনর রশিদ এক বিবৃতিতে বলেন, ‘বিশ্ববিদ্যালয় ভিসিদের নিয়োগ সম্পর্কে ড. জাফর ইকবালের উল্লিখিত ঢালাও মন্তব্য ভিসিবৃন্দকে বিস্মিত ও মর্মাহত করেছে। তাঁর মতো একজন দায়িত্ববান ব্যক্তি কীভাবে এরূপ মন্তব্য করতে পারেন, সেটি ভেবে আশ্চার্যান্বিত হতে হয়। শুধু লবিং করেই যে ভিসি হওয়া যায় না এবং অনেক যাঁচাই বাঁছাই প্রক্রিয়া শেষে যে ভিসি পদে নিয়োগ প্রদান করা হয়, সে বিষয়টি তাঁর অজানা নয়।’
বিবৃতিতে আরো বলা হয়, তাঁর ঐ বক্তব্য-মন্তব্য খোদ সরকার ও চ্যান্সেলরের এ সংক্রান্ত বিবেচনাকেও প্রশ্নবিদ্ধ করার সামিল। ড. জাফর ইকবাল দেশের ৪২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিগণের একাডেমিক প্রোফাইল কষ্ট করে একবার দেখে নিলে তিনি দেখতে পাবেন যে, তাঁর ঐ বক্তব্য কতটা অষাঢ় বা বাস্তবতা বিবর্জিত।
সমাজে যারা সেলিব্রেটি হিসেবে পরিগনিত তাদের আচার-আচরণ, উচ্চারণ, মন্তব্য আরও সতর্ক ও বস্তুনিষ্ঠ হওয়া একান্ত কাম্য।”
প্রসঙ্গত, গত ২৭জুলাই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্টের উদ্বোধনী আলোচনা সভায় প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল ভিসিদেরও সম্পর্কে ওই মন্তব্য করেন।
এ সময় তিনি আরো বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর মান খুবই খারাপ হয়ে গেছে। কেননা এখনকার বিশ্ববিদ্যালয়গুলোতে লবিংয়ের মাধ্যমে ভিসি নিয়োগ দেয়া হয়। যাদের ভিসি হওয়ার যোগ্যতাই নাই। কাজেই তারা সাংবাদিকদের খুবই তোয়াজ করেন এবং তাদেরকে অবৈধ উপায়ে সুযোগ-সুবিধা দেয়ার চেষ্টা করেন। ফলে সাংবাদিকরা মূল পথ থেকে বিচ্ছিত হয়ে পড়ে।