ক্যাম্পাসের পরিচয়- আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়। অথচ আবাসিক হলে শিক্ষার্থীদের মাথা গোঁজার ঠাঁই নেই। এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গল্প। ২ হাজার ১০০ একরের এই ক্যাম্পাসে বর্তমান সময়ের অন্যতম সমস্যা হচ্ছে আবাসন সংকট। প্রতিষ্ঠানটিতে ছাত্র-ছাত্রী মিলিয়ে প্রায় ২৪ হাজার শিক্ষার্থী পড়াশোনা করলেও ১২টি হলে মাত্র ৫ হাজার ৪৫টি আসন রয়েছে। তুলনামূলক বিচারে যা অপ্রতুলই বটে।
সংশ্লিষ্টদের অভিযোগ, সর্বশেষ নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনা নামে দুটি আবাসিক নির্মান কাজ সম্পন্ন হলেও প্রশাসনের অবহেলার কারনে তা চালু করা হচ্ছে না। শুধু তাই নয়, এর মধ্যে শেখ মুজিবুর রহমান হলে এখনো পর্যন্ত প্রাধ্যক্ষই নিয়োগ দেওয়া হয়নি। ফলে চরম আবাসন সংকটের চিত্র যেন চিরাচরিত আকারেই রয়ে গেছে শাটল ট্রেনের এই ক্যাম্পাসে।
দুটি হলের নির্মান কাজ শেষ হলেও তাতে থাকতে পারছেন না শিক্ষার্থীরা
তথ্যমতে, আসন সংকট মেটানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনা নামে দুটি আবাসিক হল একযোগে উদ্বোধন করেন। উদ্বোধনের পর প্রায় তিন বছর হতে চলল; অথচ এখনো হল দুটিতে শিক্ষার্থী উঠানোর খবর নেই। আবার গত ১৭ মে সংখ্যালঘুদের জন্য ৩১২ আসন বিশিষ্ট আরও একটি হলের আংশিক (২২৫ আসন) নির্মান কাজ উদ্বোধন করা হলেও সমস্যা এখানেও। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব নামের এ হলটি কবে নাগাদ চালু হবে; তারও নিশ্চয়তা দিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
খোঁজ নিয়ে জানা যায়, ছাত্রদের জন্য নির্মিত প্রায় ৪৫ হাজার বর্গফুটের দু’তলা বিশিষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের আসন সংখ্যা ১৮৬টি; যা আরও বর্ধিত করা হচ্ছে। হলটিতে পাঠাগার, ক্যান্টিন, প্রার্থনা কক্ষসহ রয়েছে সব আধুনিক সুযোগ সুবিধা।
এভাবেই গাদাগাদি করে থাকছেন ছাত্রীরা; ফাইল ছবি
অন্যদিকে ছাত্রীদের জন্য নির্মিত প্রায় ৯৮ হাজার বর্গফুটের চার তলাবিশিষ্ট জননেত্রী শেখ হাসিনা হলে রয়েছে ৫০০ আসনের ব্যবস্থা। এর বাইরেও সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য নির্মিত হলেও রয়েছে সকল আধুনিক সুযোগ সুবিধা। অথচ শুধুমাত্র প্রশাসনের গড়িমসির কারণে হল দুটিতে শিক্ষার্থী অবস্থান করতে পারছেন না।
শিক্ষার্থীদের অভিযোগ, বর্তমানে হলগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে অধিক সংখ্যক শিক্ষার্থী অবস্থান করছে। এছাড়া রাজনৈতিক দখলদারিত্বের কারণে অনেককেই ক্যাম্পাসের বাইরের মেস বা কটেজগুলোতে চড়া দামে ভাড়া দিয়ে থাকতে হচ্ছে। হলে বৈধ সিট থাকা সত্তে¡ও রাজনৈতিক পীড়ন থেকে বাঁচার জন্য হল ছেড়ে দেওয়া শিক্ষার্থীর সংখ্যাও কম নয়। আর এসব কারণেই মধ্যবিত্ত ও দরিদ্র শিক্ষার্থীদের প্রতিনিয়ত বিপাকে পড়তে হচ্ছে।
আবাসন সংকটের ব্যাপারে কথা হয় প্রীতিলতা হলের শিক্ষার্থী ফাতেমা তাজিনের সাথে। তিনি জানান ‘ছাত্রী হলগুলোতে ২ জনের জন্য বরাদ্দকৃত রুমে ৪-৫ জন করে থাকতে হচ্ছে। স্বাভাবিকভাবেই পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। ৫০০ আসনের শেখ হাসিনা হল চালু হলে কষ্ট অনেকাংশেই লাঘব হবে জানান ওই ছাত্রী।’ খালেদা জিয়া হলের শূভ্রা চক্রবর্তী নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘অনেকেই হলের গণরুমে অস্বাস্থ্যকর পরিবেশে থাকছে। ছাত্রী সংখ্যা বাড়ার সাথে সাথে সিট না বাড়ায় সমস্যা প্রকট আকার ধারণ করেছে।’
দেশের অন্যসব বিশ্ববিদ্যালয়েও রয়েছে আবাসন সমস্যা
এসব বিষয়ে জানতে চাইলে জননেত্রী শেখ হাসিনা হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “আমরা হলের সিট বরাদ্দ করে দিয়েছি। কর্মচারী নিয়োগের কাজও প্রায় শেষ পর্যায়ে। আশা করছি খুব স্বল্প সময়ের মধ্যেই শিক্ষার্থীদের হলে উঠাতে পারব।
বিশ্ববিদ্যালয় রেজিস্টার (ভারপাপ্ত) কে এম নূর আহমদ বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা হল পুরোপুরি প্রস্তুত। অপরদিকে বঙ্গবন্ধু হলের বর্ধিত অংশের কাজ চলায় আপাতত ছাত্র উঠানো সম্ভব নয়।”