ফাইল ছবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন রুটে চলাচলকারী শাটল ট্রেন, বাস সার্ভিস ও অভ্যন্তরীণ পরিবহণ ব্যবস্থায় নৈরাজ্য বন্ধের দাবিতে মানববন্ধনের আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)। মানববন্ধন শেষে তাদের সুনির্দিষ্ট পাঁচদফা দাবি সম্বলিত একটি স্মারকলিপিও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর দিবে চবিসাস।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এই মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনসহ সর্বোপরি শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে চবিসাস।
তাদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে-
১. বিশ্ববিদ্যালয় রুটের রেললাইন সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং শাটল ট্রেনের বগি বৃদ্ধি করতে হবে।
২. শাটল ট্রেন থেকে মালবাহী বগি প্রত্যাহার করে যাত্রীবাহী বগি সংযোজন করতে হবে।
৩. বিশ্ববিদ্যালয় রুটে চলাচলকারী বাস সার্ভিসের চলমান নৈরাজ্য বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক নিয়মিত তদারকির ব্যবস্থা করতে হবে।
৪. বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বাস সার্ভিস চালুর ব্যবস্থা করতে হবে। বিআরটিসি কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে চাহিদা অনুযায়ী বাস সার্ভিসের ব্যবস্থা করতে হবে।
৫. বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে চলাচলকারী সিএনজি অটোরিকশার ভাড়া আদায়ের বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক নিয়মিত তদারকি করতে হবে। বাড়তি ভাড়া আদায়কারীদের বিশ্ববিদ্যালয় চলাচলের অনুমোদন বাতিল করতে হবে।