ইসলামী বিশ্ববিদ্যালয়
লগো
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার সরকারের বিরুদ্ধে একই বিভাগের এক ছাত্রীকে মানসিক নির্যাতন ও যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর এ ঘটনার বিচার চেয়ে লিখিত অভিযোগ দাবি জানিয়ে ওই ছাত্রীর বাবা।
১৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর এ একটি লিখিত অভিযোগ করেন। শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
লিখিত অভিযোগে ওই ছাত্রীর বাবা উল্লেখ করেন, ৪ জুলাই আমার মেয়ের এক বান্ধবীর ফোন কলে জানতে পারি যে, আমার মেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে যত্রতত্র ছুটাছুটি করছে এবং আবোল তাবোল কথা বলতেছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিচয় দিয়ে আরো একজন ফোন করে মেয়ের অসুস্থতার সংবাদ দিয়ে তাকে কুষ্টিয়া হতে নিয়ে আসার জন্য বলে। আমি ঐ সময় আমার গ্রামের বাড়িতে ছিলাম। আমার শারীরিক অসুস্থতা ও ক্যাম্পাস অনেক দুর হওয়াতে জরুরী ভিত্তিতে আমার মেয়েকে নিয়ে আসার জন্য ঢাকা হতে আমার ছেলেকে কুষ্টিয়া পাঠায়।

‘আমার ছেলে কুষ্টিয়া যাওয়ার পর জানতে পারে যে, আমার মেয়ের মানষিক ভারসাম্য হারানোর মূল কারণ হলো ফিন্যান্স বিভাগের শিক্ষক সঞ্জয় কুমার সরকার তাকে মানসিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকিসহ আরো খারাপ ধরনের আচরণ করেছে। শিক্ষক সঞ্জয় কুমার মৌখিক পরীক্ষায় মেয়েকে চরম ভাবে মানসিক হেনেস্তা করেছে।’- লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন।
যৌন উত্যক্ত করার অভিযোগ এনে সেখানে বলা হয়, ‘কিছুদিন আগে বাড়িতে এসে আমার বড় মেয়ের কাছে ঐ শিক্ষকের খারাপ চরিত্র সম্পর্কে অভিযোগ করেছিল। সে বলেছিল তাকেসহ অন্যান্য বিভাগের অনেক মেয়েকে তিনি যৌন উত্যক্ত করেন। শিক্ষক সঞ্জয় কুমারের অসৎ চরিত্র এবং কুপ্রবৃত্তির প্রতিবাদ করায় সে আমার মেয়েকে মৌখিক পরীক্ষা গ্রহণকালে তার সঙ্গে হিংস্র স্বভাবের আচরণ করে এবং লিখিত পরীক্ষায় তাকে অকৃতিকার্য করে। শিক্ষক সঞ্জয় কুমারের পশু সুলভ আচরণে আমার এতিম ‘মা’ হারা মেয়েটি হাসপাতালের বেডে যত্রতত্র যথারীতি প্রলেপ বকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।’
এছাড়া ওই ছাত্রীর বর্তমান অবস্থা ও ওই শিক্ষকের বিচারের দাবি জানিয়ে তিনি আরো উল্লেখ করেন, ‘আমার মেয়ে বারংবার শিক্ষক সঞ্জয় কুমার এর হুমকির কথা এবং তার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা মনে করে মানসিক ভাবে ঠিক থাকতে পারতেছে না। শিক্ষক সঞ্জয় কুমার এর অপরাধ বিভিন্ন জাতীয় ও দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমি ছাত্রীর অসুস্থ পিতা উক্ত অপরাধের সঠিক বিচার এবং প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ গ্রহণ এর জন্য আবেদন করছি। যাতে আমার মেয়ের মতো আর কোন মেয়ের মানসিক ভারনসাম্য হারিয়ে হাসপাতালের বেডে মাথা ঠুকে মরতে না হয়।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পরই আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছিলাম। লিখিত আবেদনটি পাওয়ার পর সেটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপিড়ন ও প্রতিরোধ সেলের নিকট পাঠানো হয়েছে। তারাই অভিযোগের ভিত্তিতে তদন্ত করবে।