উন্নয়ন কাজে বাধা দিয়ে চাঁদা দাবি
উন্নয়ন কাজে বাধা দিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীদের বিরুদ্ধে। এ ঘটনায় তাদের চূড়ান্ত সতর্কীকরণ নোটিস দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ইলিয়াস হোসেন, একই বিভাগের স্নাতক প্রথম বর্ষের অন্তর দে শুভ ও পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের স্নাতকোত্তরের ছাত্র গোলাম রব্বানী এবং ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের ইসমে আজম শুভ।
জানা যায়, গত ১৭ জুলাই বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ে চলমান ক্যাম্পাস নেটওয়ার্কিংয়ের (বিডিরেন) কিছু মালামাল আসে। ওই চারজন ছাত্র মালামাল বিশ্ববিদ্যালয়ে প্রবেশে বাধা দেয় এবং ওদেরকে না জানিয়ে বিশ্ববিদ্যালয়ের কোনো উন্নয়নমূলক কাজ হবে না বলে সরবরাহকারীদেরকে জানায় এবং চাঁদা দাবি করে। সাব-প্রজেক্ট ম্যানেজার ও আইপিই বিভাগের চেয়ারম্যান ড. এ এস এম মুজাহিদুল হক খবর পেয়ে সেখানে যান এবং মালামাল ছাড়ানোর চেষ্টা করেন। তবুও চার শিক্ষার্থী চাঁদার দাবিতে অনড় থাকেন। একপর্যায়ে বিষয়টি উপাচার্যকে জানানো হয়। উপাচার্য ছাত্রলীগের নেতাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চালান। ছাত্রলীগের নেতারা বলার পরও চারজন ছাত্র মালামাল আটকে রাখে। পরে উপাচার্য প্রক্টরিয়াল বডি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিয়ে মালামাল উদ্ধার করতে যান। তখন চার ছাত্র উপাচার্য ও উপস্থিত অন্যান্য শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ করেন।
নোটিসে বলা হয়েছে, ওই চারজন ছাত্র বিভিন্ন সময়ে উপাচার্য, অন্যান্য শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি এবং অছাত্রসুলভ আচরণ করেছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে ক্যাম্পাসের জ্যেষ্ঠ শিক্ষার্থীদের সঙ্গেও অসদাচরণ করার অভিযোগ রয়েছে। বিভিন্ন সময়ে বিশ্বদ্যিালয়ের গবেষণার কাজে যন্ত্রপাতি আনতে গেলেও বাধা সৃষ্টি করে ওই ছাত্ররা। সতর্কীকরণ নোটিশ পাওয়ার পরও যদি তাদের আচরণ সন্তোষজনক না হয়; তাহলে তাদের বিরুদ্ধে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এবং প্রক্টরিয়াল বিধি অনুযায়ী চূড়ান্ত ব্যবস্থা নেয়া হবে।