বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বোর্ডে বিষের বোতল হাতে চাকরিপ্রার্থী

১৩ আগস্ট ২০২৩, ০৮:১৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১২ AM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

নিজের কাঙ্ক্ষিত চাকরি পেতে কমবেশি সকলেই প্রচেষ্টা করেন। তবে এসকল প্রচেষ্টাকে ছাপিয়ে সম্পূর্ণ ব্যতিক্রমী কাণ্ড ঘটিয়েছেন হাসমত আলী নামের এক প্রার্থী। ইসলামী বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণির মালি পদে নিয়োগ নির্বাচনী বোর্ডে তিনি বিষের বোতল হাতে সাক্ষাৎকার দিতে আসেন। এসময় চাকরি না দিলে বিষ খাবেন বলে বোর্ডের সদস্যদের হুমকি দেন তিনি। 

শনিবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপাচার্যের বাসভবনে এ ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে আসেন। এ সময় ওই প্রার্থীর অঙ্গীকারনামা নিয়ে বিষের বোতল প্রক্টরের কার্যালয়ে রেখে দেওয়া হয়।

জানা গেছে, হাসমত আলী বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকার বাসিন্দা। তিনি ১৮ থেকে ২০ বছর ধরে অলিখিতভাবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে কাজ করেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির মালি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় হলে তিনি আবেদন করেন। এরপরই এ কাণ্ড ঘটান।

আরো পড়ুন: চট্টগ্রামে বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বলেন, উপাচার্যের বাসভবনে মালি পদে মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছিল। হাসমত আলী নিয়োগ পেতে বিষের বোতল নিয়ে বোর্ডের সামনে যান এবং চাকরি না দিলে বিষ খাবেন বলে হুমকি দেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রক্টর ও ওসিকে জানানো হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর শাহাদৎ হোসেন আজাদ বলেন, দুপুরের দিকে উপাচার্যের একান্ত সচিব ফোন করে বিষয়টি জানান। সেখানে গিয়ে দেখি, বোর্ডের টেবিলের ওপর একটি বিষের বোতল। বোর্ডের সদস্যদের মাধ্যমে জানতে পারি, ওই ব্যক্তি নিয়োগ পাওয়ার জন্য বিষের বোতল নিয়ে আসেন। একপর্যায়ে ওই ব্যক্তি জানান, তিনি আবেগের বশে এ কাজ করেছেন। এ জন্য তিনি অনুতপ্ত। তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার অনুরোধ করেন। এরপর বিষের বোতল উপাচার্যের নির্দেশে প্রক্টর কার্যালয়ে খামবন্দী করে রাখা হয়। পরে এমন কোনো কাজ তিনি করবেন না, সেই অঙ্গীকারনামা লিখে নেওয়া হয়। এসময় পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে একাধিকবার চেষ্টা করেও মো. হাসমত আলীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি আননূর যায়েদ বলেন, বিষয়টি প্রক্টরের মাধ্যমে জানার পর থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছিলেন। পরে আর কেউ যোগাযোগ করেননি। 

 

ট্যাগ: ইবি
বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪, টিটিপি মতাদর্শী বলছে…
  • ৩০ এপ্রিল ২০২৬
চাঁদা না দেওয়ায় খাবার টেবিলেই কলেজ শিক্ষকদের মারধর ছাত্রদ…
  • ৩০ এপ্রিল ২০২৬
সবার সামনে জকসু সম্পাদককে থাপ্পড়-হুমকির অভিযোগে ছাত্রদলের ন…
  • ৩০ এপ্রিল ২০২৬
সকালের মধ্যে ঢাকাসহ ১৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২৯ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার
  • ২৯ এপ্রিল ২০২৬
চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে
  • ২৯ এপ্রিল ২০২৬