জেএনইউআরএ’র উদ্বোধনী অনুষ্ঠান ও সেমিনারে বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয়েল ভিসি অধ্যাপক মীজানুর রহমান © টিডিসি ফটো
শিক্ষক-শিক্ষার্থীদেরকে গবেষনায় অনুপ্রাণিত এবং গবেষনা পদ্ধতির শিক্ষা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে যাত্রা শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি (জেএনইউআরএস)।
সোসাইটির যাত্রা শুরুর দিন রবিবার বিশ্ববিদ্যালয়টির মার্কেটিং বিভাগের সেমিনার কক্ষে ‘রিসার্চ মেথডোলজি’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, “সমাজে গবেষকের সংখ্যা অত্যন্ত অল্প। আবার সকলে গবেষক হতে পারে না। কারণ গবেষককে হতে হয় সৃজনশীল। পৃথিবীতে মানব সভ্যতার অগ্রগামীতার পেছনে সবচেয়ে বেশি অবদান রয়েছে গবেষকদের। জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবকাঠামোগত দিক দিয়ে পিছিয়ে থাকলেও গবেষণা ও নতুন নতুন জ্ঞান সৃজন এবং বিতরণে একদিন দেশের নেতৃত্ব দেবে।”
এ সময় তিনি শিক্ষার্থীদের বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে এবং গবেষণার নতুন দ্বার উন্মোচনে এ ধরনের সংগঠনের সাথে যুক্ত হওয়ার তাগিদ দেন।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হুমায়ূন কবীর চৌধুরী এবং প্রবন্ধ উপস্থাপন করেন মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নূর মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসমা বিনতে ইকবাল, দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিদ্ধার্থ শংকর জোয়ার্দ্দার। জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির মডারেটর ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শাহ মো. আরিফুল আবেদ বক্তব্য প্রদান করেন।
এছাড়াও ছাত্রদের পক্ষ থেকে সংগঠনের আহ্বায়ক সালমান সোহেল শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক রিতু কুন্ড।