জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়া এক ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হওয়া ৫ ছাত্রের বিরুদ্ধে। রবিবার বিকালে ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগে ধর্ষণের হুমকিদাতাদের বিরুদ্ধে আইনানুগ শাস্তি ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানান।
অভিযোগপত্রে ভূক্তোভূগী ছাত্রী উল্লেখ করেন, ‘আমি কোটা সংস্কার আন্দোলনের পক্ষে সোচ্চার আছি। তাই কোটা সংস্কারের বিরুদ্ধে অবস্থান নেওয়া একটি চক্র সংঘবদ্ধভাবে আমার চরিত্র হরণের জন্য ধর্ষণের হুমকি দিয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু ধর্ষণের হুমকিই নয়, তারা আমার পরিবার নিয়েও আপত্তিকর মন্তব্য করে আসছে।’
অভিযোগ পত্রে এই চক্রের নেতৃত্বদানকারী হামজা রহমান অন্তরের (নাটক ও নাট্যতত্ত্ব-৪১) নাম উল্লেখ করেন। সে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি। তার সহযোগী হিসেবে রয়েছে- ইশকাত হারুন আকিব (বাংলা-৪৬), জাহিদ হাসান ইমন (আইআইটি-৪৬), মাসুদ রানা (মাইক্রোবায়োলজি-৩৯) এবং রনি ভৌমিক। এরা সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে জাড়িত ও কোটা সংস্কার আন্দোলনের বিরোধী।
ওই ছাত্রী আরো উল্লেখ করেন, ‘এই চক্রটি আমকে প্রস্টিটিউট বানানোর জন্য পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা আমাকে বারবার উস্কানি দিয়ে যাচ্ছে এবং বাজে মন্তব্য রটাচ্ছে।’ ভুক্তভোগী শিক্ষার্থী নিজের সম্ভ্রম ও জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে বলে উল্লেখ করে অভিযুক্তদের বহিষ্কার ও ক্যাম্পস থেকে বিতাড়নের দাবি জানিয়েছেন।
এর আগে এক ছাত্রীকে হয়রানীর অভিযোগে হামজা রহমান অন্তরকে ৬ মাসের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া হল ক্যান্টিনে চাঁদা দাবিসহ ছাত্রলীগের নাম ব্যবহার করে একালায় নানা অপকর্মের অভিযোগও আছে তার বিরুদ্ধে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিকদার জুলকারনাইন বলেন, ‘অভিযোগ পেয়েছি। আমরা ইতিমধ্যেই তদন্তের কাজ শুরু করেছি।’
শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে একাধিকবার ফোন দিলেও তারা ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে শিক্ষক-শিক্ষার্থী ঐক্য মঞ্চের মুখপাত্র ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন বলেন, কোটা সংস্কার আন্দোলনের কর্মীদের সরকার দলীয় ছাত্র সংগঠনের কর্মীরা দফায় দফায় হামলা করলেও সরকার তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ায় তারা আজ বেপরোয়া আচরণ করছে। তারই বহিঃপ্রকাশ হলো এমন ধর্ষণের হুমকি। এটা অত্যন্ত ন্যাক্কাজনক ব্যাপার। প্রশাসনের উচিত অবশ্যই হুমকি দাতাদের বিরুদ্ধে চুড়ান্ত ব্যবস্থা নেওয়া।
অভিযুক্ত হামজা রহমান অন্তর বলেন, ‘এ সব আমার বিরুদ্ধে মিথ্যাচার। আমি কাউকে ধর্ষণের হুমকি দিইনি। যারা এ ধরনের হুমকি দিয়েছে তাদের সাথেও আমার কোন সম্পর্ক নেই।’