© সংগৃহীত
কোটা সংস্কার নিয়ে প্রধানমন্ত্রী গঠিত কমিটির সিদ্ধান্তের দিকে চেয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। দাবি আদায়ে এই মুহুর্তে মাঠে নামার কোন চিন্তা ভাবনা নেই রাবি শাখার নেতাবৃন্দের। তবে কেন্দ্রীয় কমিটির ঘোষণা মতো বেশ কয়েকটি বিভাগ ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত রেখেছে।
আন্দোলনের বিষয়ে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহবায়ক মোরশেদুল আলম বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ক্লাস পরীক্ষা বর্জন রয়েছে। আর প্রধানমন্ত্রী একটা কমিটি গঠন করে যে নির্দিষ্ট তারিখ ঘোষণা করেছেন ওই তারিখের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে আবারও আন্দোলনে যাব। তবে এর আগে মাঠে নামার চিন্তা ভাবনা নেই।
এদিকে খোঁজ নিয়ে জানা যায়, বিশ্বিবিদ্যালয়ের রসায়ন, গণিত, দর্শন বিভাগের শিক্ষার্থীরা কেন্দ্রীয় কমিটির ঘোষণার পর ক্লাস বর্জন করলেও কিছু কিছু বিভাগে ঢিলে ঢালাভাবে ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আর ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ চত্বরগুলোতেও চোখে পড়েনি শিক্ষার্থীদের উপস্থিতি।
ক্লাস বর্জন নিয়ে রসায়ন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, কোটা সংস্কার নিয়ে চলমান আন্দোলনে প্রথম থেকেই সমর্থন করছি। আন্দোলনেও স্বত:স্ফূর্তভাবে অংশ নিয়েছি। যৌক্তিক এই আন্দোলনের কাঙ্খিত প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের মাধ্যমে আমাদের নিরব আন্দোলন চলবে।
তবে সার্বিক অবস্থা জানতে চাইলে রাবির প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, দুই একটা বিভাগ ছাড়া অন্য বিভাগগুলোতে ক্লাস, পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পূর্বে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হলেও আমি বিভাগগুলোতে গিয়েছিলাম। সেই বিভাগে শিক্ষার্থীরা ক্লাসে অংশগ্রহণ করেছে।