চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি আবাসিক হল থেকে গাঁজা সেবনের সময় হাতেনাতে পাঁচ শিক্ষার্থীকে আটক করেছে কর্তৃপক্ষ। পরে তাদের পুলিশে সোপার্দ করা হয়।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের ১৫১ নম্বর কক্ষ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সুমন ত্রিপুরা, বাংলা বিভাগের একই শিক্ষাবর্ষের মো. এনামুল হাসান খান ও আব্দুল্লাহ আল তামজীদ, ফার্সি ভাষা ও সাহিত্যের একই শিক্ষাবর্ষের মহিউদ্দিন আমানুল্লাহ এবং অর্থনীতি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের রবিউল ইসলাম আপেল।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে সোহরাওয়ার্দী হলের ১৫১ নম্বর কক্ষে অভিযান চালায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা। অভিযানে পাঁচ শিক্ষার্থীকে গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক করা হয়ে। পরে তাদের হাটহাজারী মডেল থানা পুলিশে সোপর্দ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, আটককৃতদের পুলিশে সোপার্দ করা হয়েছে। সংশোধনের সুযোগদানের পাশাপাশি তাদের বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা নেওয়া হবে। এরপরও এ ধরনের কর্মকান্ডের যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে স্থায়ীভাবে ব্যবস্থা নেওয়া হবে।
হাটহাজারী মডেল থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, আটককৃতদের থানায় নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।