সংক্ষিপ্ত নোটিশে দীর্ঘ আট বছর ধরে ব্যবহৃত ক্লাশরুমটি হস্তান্তর করায় ক্লাশরুম সংকটে পড়বেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইন ও বিচার বিভাগ। মঙ্গলবার বিভাগের ব্যবহৃত ৩৪০নং কক্ষটি নিয়ে নেয় বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ।
ক্লাশরুম নিয়ে শিক্ষকদের রাজনীতির কারণে আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীদের বেকায়দায় ও ভোগান্তি পড়তে হবে অভিযোগ করছেন সংশ্লিষ্ঠরা।
জানা যায়, নিজস্ব ক্লাশরুম-অফিস ছাড়াই ২০১১ সালে আইন ও বিচার বিভাগের যাত্রা শুরু। শুরুর পর থেকে সমাজ বিজ্ঞান অনুষদের ৩৪০নং কক্ষটি আইন ও বিচার বিভাগের ক্লাশরুম হিসেবে ব্যবহার করে আসছে। এ হিসেবে এটি ৮ বছর ধরে ব্যবহার করেছে বিভাগটি।
এছাড়া বিভাগটির ক্লাশরুম সংকট থাকায় ও ব্যাচের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ২০১৬ সাল হতে জহির রায়হান মিলনায়তনের দ্বিতীয় তলায় দুটি কক্ষ ক্লাশরুম হিসেবে অস্থায়ীভাবে ব্যবহার করছে এ বিভাগটি।
কিন্তু সোমবার ভূগোল ও পরিবেশ বিভাগের একাডেমিক সভার সিদ্ধান্ত অনুযায়ী ৩৪০নং ক্লাশরুমটি নিজেদের দাবি করে মঙ্গলবারের মধ্যে হস্তান্তর করতে আইন ও বিচার বিভাগকে চিঠি দেয়।
এ চিঠির প্রেক্ষিতে আইন ও বিচার বিভাগের একাডেমিক সভায় কক্ষটি হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্তে সংক্ষিপ্ত সময়ে ক্লাশরুমটি হস্তান্তরের চিঠিকে অসম্মানজনক ও অবান্ধবসুলভ বলেও উল্লেখ করা হয়। তবে ক্লাশরুম মঙ্গলবার আইন ও বিচার বিভাগ ভূগোল ও পরিবেশ বিভাগের কাছে হস্তান্তর করেছে।
উপাচার্যপন্থী শিক্ষকদের অভিযোগ, ভূগোল ও পরিবেশ বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শাহেদুর রশিদ উপাচার্য বিরোধী হওয়ায় আইন ও বিচার বিভাগের কাছ থেকে সংক্ষিপ্ত নোটিশে শ্রেণীকক্ষটি নিয়ে নেয়। শিক্ষার্থীদের ভোগান্তিতে ফেলতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ব্যাপারে আইন ও বিচার বিভাগের সভাপতি কে এম সাজ্জাদ মাহসীন বলেন, ‘পূর্বকালীন নোটিশ না দিয়ে সংক্ষিত সময়ে ক্লাশরুমটি নিয়ে নেওয়ায় ক্লাশরুম সংকটে আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীরা ক্লাস করতে অসুবিধায় পড়বেন।
অন্তুত কয়েক মাস সময় দিয়ে চিঠি দেওয়া উচিত ছিল বলে তিনি মনে করেন। তিনি বলেন, এর ফলে বিভাগের ছয়টি ব্যাচের শিক্ষার্থীরা ক্লাশরুম সংকটে পড়বে এবং নিয়মিত ক্লাস করতে অসুবিধা হবে।
ভূগোল ও পরিবেশ বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মো. শাহেদুর রশিদ বলেন, আমাদের বিভাগেও ক্লাশরুম সংকট রয়েছে। ৩৪০নং ক্লাশরুমসহ তিনটি শ্রেণীকক্ষ ও তিনটি ল্যাব কক্ষ রয়েছে। নতুন রুটিন করায় ওই ক্লাশরুমটি নিতে হয়েছে।