দেশের যেসব জেলায় বিশ্ববিদ্যালয় নেই, পর্যায়ক্রমে সেসব জেলাতে বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি মিলনায়তনে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা এ ঘোষণা দেন। সভা শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এ কথা সাংবাদিকদের জানান।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী আজ বৈঠকে বলেছেন যে সমস্ত জেলায় বিশ্ববিদ্যালয় নেই সেসব জেলায় পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় করা হবে।’ বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার ওপর জোর দেয়ার পরামর্শও দেন তিনি।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এই প্রকল্প অনুমোদনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সভায় দেশের খাদ্য গুদামগুলোর সংস্কার ও উন্নয়নে একটি প্রকল্প নেয়া হয়।