জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে মিরপুর-১৪ রুটে চলাচলকারী শিক্ষার্থী পরিবহন ‘উত্তরণ’ বাসের চাকা চলতিপথে খুলে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ক্যাম্পাস থেকে মিরপুর যাওয়ার পথে গুলিস্তান মাজার পার হয়ে পুলিশ হেড কোয়ার্টারে সামনে হঠাৎ বাসের সামনে বাম পাশের চাকাটি খুলে যায়। এতে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে দ্রুত বাস থেকে নেমে পড়ে। এতে নামার সময় কয়েকজন সামান্য ব্যথা পেয়েছে। তবে কেউই মারাত্মক জখম হননি।
এদিকে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। বাসে যাতায়াতকারী শিক্ষার্থীরা বলছেন, বাসের সংশ্লিষ্টদের গাফিলতির কারণে এমন একটি ঘটনা ঘটেছে। বাসে চলাচলকারী এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিশ্ববিদ্যালয় ও বিআরটিসি কতৃপক্ষের গালিলাতির ফল আজকের এই ঘটনা। যে গাড়ি গুলোতে আমরা চলাচল করছি তার বেশির ভাগই ফিটনেস বিহীন। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিআরটিসিকে টাকা দিচ্ছে ঠিকই কিন্তু সেবা নিচ্ছে না।
বিশ্ববিদ্যালয় বাসে চলাচলকারী শিক্ষার্থী সূবর্ণ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতির আগামী দিনের কর্ণধার। তাদেরকে দেয়া এমন সেবার মান সত্যিই হতাশা জনক। এবিষয়ে জানতে বাসের চালক সুলতান মিয়ার সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এবিষয়ে জানতে চাইলে জবির পরিবহণ পুলের পরিচালক আব্দুল্লাহ আল মাসুদ বলেন, বিষয়টি আমি এই প্রথম শুনলাম। এটা সত্যিই প্রত্যাশিত না। যেহেতু আমরা একটি সরকারী প্রতিষ্ঠানকে টাকা দেই, তাদেরও উচিত সঠিক সেবা দেয়া। আর বিআরটিএ তো নিজেই বাসের ফিটনেস পরীক্ষা করে। তাদের বাসেরই যদি এমন অবস্থা হয় তাহলে আমরা যাবো কার কাছে। আমি আগামী কালই এ বিষয়টির জন্য তাদের কাছে কৈফিয়ত চাইব।