জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম নারী রেজিস্ট্রার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন রহিমা কানিজ। রবিবার বিদায়ী রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকের কাছ হতে রহিমা কানিজ দায়িত্ব গ্রহণ করেন।
এ বিষয়ে রহিমা কানিজ বলেন, ‘রেজিস্ট্রার পদে আমাকে সাময়িকভাবে দায়িত্ব দেয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে ধন্যবাদ জানাই। বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ও বিধি অনুযায়ী বিশ্ববিদ্যালয় পরিচালনায় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করব।’
উল্লেখ্য, রহিমা কানিজ জাবিতে ১৯৯৪ সালে সহকারী রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন। ২০০১ সালের ১৮ এপ্রিল তিনি উপ-রেজিস্ট্রার পদে পদোন্নতি লাভ করেন।