বাসের নিচে চাপা পড়া সেজানের নিথর দেহ। ছবি: সংগৃহীত
বাসের চাপায় রাজধানীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক ছাত্র নিহত হয়েছেন। রোববার দুুপুরে রেডিসন হোটেলের সামনের মিরপুর ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম শাহরিয়ার সৌরভ সেজান। নিহত সেজান টিচ ফর বাংলাদেশের রিসার্চ ফেলো হিসেবে কর্মরত ছিলেন।
সেজান জাহাঙ্গীরনগর বিশ্বদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের ৩৯তম ব্যাচের ও বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি বিভিন্ন সাংস্কৃতিক ও দাতব্য সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। সেজানের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায়।
প্রত্যক্ষদর্শীদের মতো, সেজান মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে মোটরসাইকেলে করে কর্মস্থল উত্তরা এলাকার আশকোনায় যাচ্ছিলেন। পথিমধ্যে রেডিসন হোটেলের সামনের ফ্লাইওভারের ওপর বেপরোয়া গতিসম্পন্ন বসুমতি পরিবহনের একটি বাস পেছন থেকে সেজানকে চাপা দেয়।
পরে গুরুতর আহত অবস্থায় সেজানকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ঘটনার পর ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।