চাঁদা না দেয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পাঁচটি আবাসিক হলে ইন্টারনেট সংযোগ স্থাপনের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।
জানা যায়, গত রমজান ও ঈদের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ ছিল। ওই সময় হলগুলোতে ওয়াইফাই সংযোগ স্থাপনের কাজ শুরু হয়। ছুটি শেষে ক্যাম্পাস খোলার পর ছাত্রলীগ নেতারা ঠিকাদারী প্রতিষ্ঠান হামিদা ট্রেডার্সের কাছে চাঁদা দাবি করেন। কিন্তু চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা কাজ বন্ধ করে দেয়।
এ প্রসঙ্গে কম্পিউটার সেন্টারের পরিচালক ড. জহিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার থেকে সব হলেই ইন্টারনেট স্থাপনের কাজ বন্ধ করে দিয়েছে কয়েকজন ছাত্রনেতা।
শাহপরান হলের প্রভোস্ট শাহেদুল হোসাইন বলেন, হল খোলার পর রাউটার লাগানোর কাজ শুরু হয়। এ সময় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রুহুল আমীন ও সহ সভাপতি তারিকুল ইসলাম চাঁদা দাবি করেন।
যদিও চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমীন। তিনি বলেন, এ ধরণের কোন ঘটনায় আমি জড়িত নই।