রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ৪র্থ শ্রেণির কর্মচারীরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে। আপ গ্রেডেশন ও প্রমোশন এবং পদোন্নতির নীতিমালা পরিবর্তন মাস্টার রোলে কর্মরত কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করে তাদের চাকরি স্থায়ীকরণসহ ৪ দফা দাবিতে বুধবার সকাল থেকে এ ধর্মঘট শুরু করেছে।
অনির্দষ্টকালের এই ধর্মঘটে তারা অফিসের সব কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন বলে জানা গেছে। এদিকে, হঠাৎ এ ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও অন্যান্য কাজে সমস্যার সৃষ্টি হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
৪র্থ শ্রেণির কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক নুরে আলম বলেন, তাদের দাবি দাওয়া নিয়ে এর আগে অনেকবার প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়ন করা হয়নি। ফলে বাধ্য হয়ে তারা ধর্মঘট শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে জানান তিনি।