কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম সমন্বয়ক এ পিএম সুহেল মারধরের শিকার হয়েছেন। সুহেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। বুধবার বিকালে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সংলগ্ন টিএসসির সামনে এ ঘটনা ঘটে। আন্দোলনকারীরা জানিয়েছেন, হামলাকারীরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
সূত্র জানায়, সুহেল পরীক্ষা শেষ করে ফেরার পথে কয়েকজন তার সঙ্গে কথা আছে বলে টিএসসি’র পাশে সুন্দরবন কুরিয়ারের গলিতে ডেকে নেয়। সেখানে সুহেলকে রড় দিয়ে মারধর করা হয়। এতে তার ঠোট ও নাক ফেটে যায়। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে গেন্ডারিয়া আজগর আলী হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে ভর্তি রয়েছেন। হাসপাতাল সূত্র জানায়, সুহেলের ঠোট ও নাক ফেটে যাওয়ার পাশাপাশি পা ও পিঠে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে যুগ্ম সমন্বয়ক রাশেদ খান বলেন, ছাত্রলীগের কিছু দুর্বৃত্ত সুহেলের ওপর হামলা চালিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। একইসঙ্গে হামলার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি। তিনি আরো বলেন, ১৬ই মে পরপর দু’টি মুঠোফোন নম্বর থেকে সুহেলকে মেরে ফেরার হুমকি দেয়া হয়। এরই ধারবাহিতকায় আজ তার উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা।