ভারত সফর
পর্যায়ক্রমে ঢাকা, জাতীয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি © সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে সঙ্গে যাচ্ছেন তিন বিশ্ববিদ্যালয়ের ভিসি। তারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন অর রশীদ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভিসি প্রফেসর ড. মীজানুর রহমান। শান্তি নিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যোগ দিতে আগামী ২৫শে মে তিনি ভারত যাবেন। এ সফরে বিশ্বভারতী শান্তি নিকেতনের ‘বাংলাদেশ ভবন’-এর উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও আসানসোলে অবস্থিত কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে প্রধানমন্ত্রীকে সম্মানসূচক ডক্টরেট অব লিটারেচার (ডিলিট) প্রদান করবে। এদিকে সফরসঙ্গী হিসেবে আরো থাকবেন সাংসদ শেখ হেলাল উদ্দিন, এমেরিটাস প্রফেসর ড. আনিসুজ্জামান, এমেরিটাস প্রফেসর ড. রফিকুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান, বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজ হাশেম খান, প্রফেসর ড. সৈয়দ মনজুরুল ইসলাম প্রমুখ।