নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর © সংগৃহীত
নিজেকে সত্যিকার অর্থে জ্ঞানী করে গড়ে তুলতে হলে শুধু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ না থাকতে শিক্ষার্থীদেও প্রতি আহ্বান জানিয়েছেন, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, পাঠ্য বইয়ের বাইরেও অনেক বই পড়তে হবে। ক্লাসের বই থেকে শুরু করে রাস্তায় পড়ে থাকা মুড়ির ঠোঙার কাগজও তোমরা পড়ো। পাশাপাশি মনের অন্ধকার দূর করতে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চাও করতে হবে।
মঙ্গলবার দুপুরে নীলফামারী সরকারি কলেজে স্নাতক ও স্নাতকোত্তর প্রথম ও শেষ বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় মন্ত্রী আরও বলেন, একটি সুন্দর দেশ ও সুন্দর পৃথিবী গড়ার দায়িত্ব আমাদের সবার। আমরা যেখানেই যাই, সেখানে সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারি। আর সেটি শেখার জায়গা শিক্ষা প্রতিষ্ঠান।
পরে মন্ত্রী নীলফামারী সরকারি কলেজের নবনির্মিত শহীদ মিনার ও দু’টি ভবনের উদ্বোধন করেন। কলেজের অধ্যক্ষ অধ্যাপক দেবীপ্রসাদ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি ও নীলফামারী পৌরসভার দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, কলেজের উপাধ্যক্ষ মাহাবুবুর রহমান ভূঁইয়া, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, শিক্ষার্থী সঞ্জীত রায় বদরুণ ও নাহার প্রমুখ।