বাসে হামলার প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। ১৪ মে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচী পালন করে তারা।
শিক্ষার্থীরা জানান, গত ১৩ মে বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে একটি বাস নগরের ফৌজদারি মোড়ে যাচ্ছিল। বাসটি পুলিশ লাইনস এলাকা পার হওয়ার সময় স্থানীয় কয়েকজন সন্ত্রাসী আমাদের গাড়ি থেকে নেমে যাওয়ার জন্য বলেন। এর প্রতিবাদ করলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় তারা। ঘটনায় প্রায় ২০ জন আহত হয়। ঘটনার পর ‘বিচার হবে’ বলে আশ্বস্ত করলেও বিচারের না হওয়ায় বিক্ষোভে নামেন তারা। হামলাকারীরা কুমিল্লা সরকারি কলেজের ছাত্রলীগ কর্মী বলে অভিযোগ শিক্ষার্থীদের।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, একটা বাস ভাংচুর করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, কুমিল্লা সরকারি কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছেন, তাদের কোনো শিক্ষার্থী হামলায় জড়িত নয়। তবে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সাথে কথা হয়েছে। শিঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।