রাজশাহী কলেজ ক্যাম্পাস © সংগৃহীত
দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে হ্যাটট্রিক করলো রাজশাহী কলেজ। ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮’ উপলক্ষে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। এতে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করে উত্তরাঞ্চলের এ কলেজটি।
বৃহস্পতিবার এ তথ্য জানিয়ে রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান বলেন, গতকাল ঢাকায় শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮’ অনুষ্ঠানে রাজশাহী কলেজকে দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত করা হয়। গৌরবের এই হ্যাটট্রিকের পাশাপাশি দু’টি ইভেন্টে সারাদেশের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা কলেজটির শিক্ষার্থীরা সেরা হয়েছেন। ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী’ ক্যাটাগরিতে রাজশাহী কলেজের শিক্ষার্থী আফরা আনজুম প্রীতি ও ‘শ্রেষ্ঠ রেঞ্জার শিক্ষার্থী’ ক্যাটাগরিতে শারমিন আরা আবেদীন নির্বাচিত হন।
অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান আরও বলেন, রাজশাহী কলেজের এ গৌরবোজ্জ্বল অর্জনের জন্য আমাদের শিক্ষার্থীদের ধন্যবাদ দিব। এ অর্জন তাদের কারণেই সম্ভব হয়েছে। শিক্ষার্থীরা নিজেদের পরিবর্তনের দিকে ধাবিত করেছে বলেই রাজশাহী কলেজে পরিবর্তনের এ হাওয়া লেগেছে। কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী আমাদের সহায়ক শক্তি কিন্তু মূল চালিকা শক্তি শিক্ষার্থীরাই, স্বীকৃতি অধ্যক্ষের।
এদিকে, এর আগে ২০১৬ ও ২০১৭ সালে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করে রাজশাহী কলেজ।