নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা © টিডিসি ছবি
ফল সেমিস্টার ২০২৬-এ ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করেছে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। রোববার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, জাতীয় সংগীত, প্রার্থনা, মোমবাতি প্রজ্বালন, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিশ্ববিদ্যালয় পরিচিতিমূলক ভিডিও প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফাদার প্যাট্রিক ডি. গ্যাফনি, সিএসসি নবীন শিক্ষার্থীদের আত্মঅনুসন্ধান ও আত্মবিকাশের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় জীবন শুরু করার আহ্বান জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের স্থান নয়, বরং ব্যক্তি হিসেবে নিজেকে আবিষ্কার ও বিকশিত করারও একটি ক্ষেত্র। ডব্লিউ. বি. ইয়েটসের Among School Children কবিতার উদ্ধৃতি দিয়ে তিনি রূপান্তরমুখী শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ফাদার চার্লস বি. গর্ডন, সিএসসি বলেন, বিশ্ববিদ্যালয় জীবন একটি মজবুত ভিত্তির ওপর ভবিষ্যৎ নির্মাণের গুরুত্বপূর্ণ সময়। তিনি শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, সচ্চরিত্র, সুসম্পর্ক ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার আহ্বান জানান এবং এ যাত্রায় বিশ্ববিদ্যালয়ের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বর্তমান শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময় ও নবীনদের অনুভূতি প্রকাশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দাপ্তরিক সেবা সম্পর্কে ধারণা দেওয়া হয়। রেজিস্ট্রার ড. ব্রাদার সুবল লরেন্স রোজারিও, সিএসসি শিক্ষকবৃন্দের সঙ্গে নবীনদের পরিচয় করিয়ে দেন। পরে ইংরেজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আইন, ব্যবসায় প্রশাসন, মাইক্রোবায়োলজি ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যানরা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান।
অধ্যাপক ড. ফাদার চার্লস বি. গর্ডনের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের সমাপ্তি হয়।