নিয়োগপত্র পাননি জুলাই আন্দোলনের সমন্বয়ক রাবির সাদ্দাম, বঞ্চিত প্রাথমিকের জন্য কলেজের চাকরি ছাড়া তার স্ত্রীও

২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ AM , আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ AM
সাবেক সমন্বয়ক সাদ্দাম হোসেন

সাবেক সমন্বয়ক সাদ্দাম হোসেন © সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও নিয়োগপত্র পাননি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী ও জুলাই আন্দোলনে কুড়িগ্রামের রৌমারির সাবেক সমন্বয়ক সাদ্দাম হোসেন। একই সঙ্গে নিয়োগপত্র থেকে বঞ্চিত হয়েছেন প্রাথমিকের জন্য কলেজের চাকরি ছাড়া তার স্ত্রীও। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পড়াশোনা করেছেন। পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়ার পর নিয়োগপত্র না পাওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ ও হতাশার কথা জানিয়েছেন সাদ্দাম হোসেন।

ফেসবুকে জুলাই আন্দোলনে বক্তৃতা দেওয়ার একটি ভিডিও শেয়ার করে সাদ্দাম হোসেন বলেন, ‘চাকরির পরীক্ষায় পুলিশ ভ্যারিফিকেশনে আমাকেও বাদ দিয়েছে। মজা পাইলাম অনেক। এই ছেলেটি আমি। জুলাই আগস্ট বিপ্লবে আমি কি করেছি পুরো রৌমারী জানেন। বাঁচবো এটা ভুলেও ভাবিনি। আমি ধরেই নিয়েছিলাম আমাকে মেরে ফেলবে।’

সাদ্দাম বলেন, ‘সরকার পতনের পরেই পড়ালেখা শুরু করি। চাইলে রাজনীতি করতে পারতাম। কয়েকটা চাকরির ভাইভায় ডাক পাই। সব ভাইভা দেইনা আমি। এলাকায় থাকার ইচ্ছা ছিলো, তাই প্রাইমারিতে চাকরি হলে অন্য কিছু তেমন ভাবিনি। আজকে পুলিশ ভ্যারিফিকেশনে আমাকে বাদ দেওয়া হয়েছে। যারা ভ্যারিফিকেশন করেছে সেইসব প্রশাসনের ভাইয়েরাও আমার পূর্ব পরিচিত ছিলো। তারপরও এমন ঘটনা!’

ভবিষ্যৎ নিয়ে হতাশা প্রকাশ করে সাদ্দাম বলেন, ‘ভাবছিলাম একটা বার বিসিএস এর জন্য পড়বো, বয়স নেই তেমন। আরো কি পড়ালেখা করা উচিত হবে বলে মনে করেন? চাকরি করার ইচ্ছে মরে গেলো ... আমি শুধু ভাবতেছি, আমি সাদ্দাম যদি আন্দোলন না করতাম, আমার মতো ছেলেরা যদি মরার জন্য বের না হত এই সরকার কি ক্ষমতায় আসতে পারতো?’

এ বিষয়ে জানতে চাইলে জুলাই আন্দোলনের সমন্বয়ক সাদ্দাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের যে নিয়োগপত্র, সেটি শুধু আমার আসেনি এটা বললে ভুল হবে। আমার স্ত্রীরও নিয়োগপত্র আসেনি। আরও কষ্টের কথা কী জানেন? মাত্র আট থেকে ১০ দিন আগেই আমার স্ত্রী একটি কলেজের ইংরেজির লেকচারার পদ থেকে পদত্যাগ করেছে। কলেজটি আমাদের বাসা থেকে একটু দূরে। আমরা ভেবেছিলাম, প্রাথমিক বিদ্যালয়ে তার পোস্টিং বাসার কাছাকাছি হবে। তাই প্রাথমিকে যোগদান করবে এই আশায় সে কলেজের ইংরেজির লেকচারার পদ থেকে পদত্যাগ করে।

তিনি বলেন, কিছুদিন আগেই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের প্রজ্ঞাপন হয়েছিল। প্রজ্ঞাপন হওয়ার পর সাধারণত কাউকে বাদ দেওয়া হয় না। সেই আত্মবিশ্বাস থেকেই আমরা তাকে কলেজের চাকরি থেকে পদত্যাগ করিয়েছিলাম। সেও পদত্যাগ করে বাসায় এসেছে। এখন প্রাথমিকে এক তারিখে যোগদান করবে সেই অপেক্ষায় ছিলাম। আমার নিয়োগপত্র হয়নি। ধরলাম, আমি জুলাই-আগস্টের যে বিপ্লব, জুলাইয়ের গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছি। সেখানে অংশগ্রহণ করে অনেকের শত্রু হয়েছি। অনেকের সঙ্গে শত্রুতা হয়েছে। সেই কারণে আমার নিয়োগপত্র আটকে দেওয়া হয়েছে এটা আমি মেনে নিলাম।কিন্তু আমার স্ত্রী কী ভুল করেছিল? আপনাদের কাছে একটু বলবেন, আমার স্ত্রীর ভুলটা কোথায় ছিল?

তিনি বলেন, সে খুবই সাধারণ একটি মেয়ে। খুবই সাধারণ। খুবই ভদ্র, নম্র। কোনো রাজনীতির সঙ্গে তার সম্পৃক্ততা নেই। তারপরও তার নিয়োগপত্র আপনারা আটকে দিলেন। আপনারা কি চোখের জল দেখেন না?

এর আগে গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় একযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পার্বত্য তিন জেলা বাদে অনুষ্ঠিত ওই পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।

পরে গত ৮ ফেব্রুয়ারি সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। একই সঙ্গে জেলা অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হয়।

চূড়ান্ত ফল প্রকাশের পর নিয়োগপত্র পাওয়ার অপেক্ষায় ছিলেন নির্বাচিত প্রার্থীরা। বৃহস্পতিবার বিভিন্ন জেলায় নিয়োগপত্র বিতরণ শুরু হলে একদিকে অনেকের অপেক্ষার অবসান হয়, অন্যদিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের মধ্যে নতুন করে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়।

কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কি সামলাবেন, সালমানের স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের নিয়োগ বঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর-লুটের পর সরিয়ে দেওয়া হলো শাহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
নিয়োগপত্র পাননি জুলাই আন্দোলনের সমন্বয়ক রাবির সাদ্দাম, বঞ্চ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসিতে বোর্ডসেরা, জবিতে সেরা বিভাগে—১৮তম বিজেএসে জজ হলেন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ফিটনেসবিহীন গাড়ি যত ভালো ড্রাইভারই চালান, দিনশেষে খাদে পড়…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬