ববি হাজ্জাজ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ © টিডিসি ফটো
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ‘শিক্ষার বাজেটে প্রধানমন্ত্রী জিডিপির ২ শতাংশ দিয়েছেন। আগামীতে ৫ শতাংশ দেবেন। এটা শুধু বিল্ডিং বানানোর জন্য না। এই বাজেট যাবে প্রাথমিকে সঠিক শিক্ষা দিতে, শিক্ষার্থীদের স্কুলে ফেরত নিয়ে যেতে।’
তিনি বলেন, ‘ইউনেস্কো আমাদের সহযোগী আছে। অনেক এনজিও বা ইনফরমাল বডি কাজ করছে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আগামী দিনগুলোতে প্রধানমন্ত্রীর যে ভিশন আছে সেটা বাস্তবায়ন করার জন্য কাজ করছি।’ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের ফাউন্ডেশনাল জিনিসগুলো শিখিয়ে স্কুলে তাড়াতাড়ি ফেরত পাঠানো যায় এবং স্কুলে যেন তারা যায়, তার জন্য প্রধানমন্ত্রী অনেক ব্যবস্থা করছেন। মিড ডে মিল, ইউনিফর্ম এবং আগামীতে যদি আরো কিছু প্রয়োজন হয়- সেইটারও ব্যবস্থা প্রধানমন্ত্রী দেবেন। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রজেক্টের দায়িত্ব স্কুলে ফেরত নিয়ে আসা থ্রু এক্সেলারেটেড লার্নিং।’
অন্য খবর: বরিশালেও নেওয়া হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
তিনি বলেন, ‘তাদের যে লার্নিং প্রোগ্রাম হবে সেটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ব্যবহার করতে পারে তাদের রেমিডিয়াল এডুকেশন হিসেবে। একসাথে কাজ করার অনেক জায়গা আছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এক মন্ত্রালয় ও এক পরিবারের অধীনে এবং সবাই প্রধানমন্ত্রীর শিক্ষার ভিশন বাস্তবায়ন করার জন্যই কাজ করছি। স্কিলটা আমরা নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছি।’
ববি হাজ্জাজ বলেন, ‘এগুলো ৪০টা জেলায় ৪০টা জায়গায় ৪০টা উপজেলা এইভাবে না, আরো বড় আঙ্গিকে নেয়াটা গুরুত্বপূর্ণ। আগামীতে আলোচনা করব কীভাবে আমরা নেক্সট স্টেপটা আরো বড়ভাবে করতে পারি।’