রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত
আঞ্চলিক কেন্দ্র হিসেবে বরিশালেও নেওয়া হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় ভিসির কার্যালয়ে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির সভায় এ প্রস্তাব আনা হয়েছে।
বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান।
অধ্যাপক কামরুজ্জামান বলেন, ভর্তি উপকমিটির প্রথম সভায় ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট—এই সাত শহরে রাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল। বরিশাল বিভাগের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এই বিভাগেও ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়টা বিবেচনা করেছে ভর্তি উপকমিটি। আজ ভর্তি উপকমিটির দ্বিতীয় সভায় এ বিষয়টা বিবেচনায় নেওয়া হয়েছে।
আরও পড়ুন: বোরকা পরে নারীর ছদ্মবেশে জবি ক্যাম্পাসে আসা ব্যক্তি আটক
উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিট (বাণিজ্য) দিয়ে শুরু করার সুপারিশ করেছে ভর্তি উপকমিটি। ৮ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) ও ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে ভর্তি উপকমিটি প্রস্তাব করেছে। এটা সম্ভাব্য তারিখ। ১২ থেকে ২৭ নভেম্বর আবেদন শুরু করার প্রস্তাব করেছে ভর্তি উপকমিটি।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, ‘ভর্তিচ্ছুদের দুর্ভোগ লাঘবে দুটি নতুন আঞ্চলিক বিভাগকে কেন্দ্র হিসেবে যুক্ত করা হয়েছিল। পরে চাহিদার পরিপ্রেক্ষিতে বরিশাল বিভাগকেও যুক্ত করা হয়েছে। শিক্ষার্থীরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সেটিই আমাদের মূল লক্ষ্য।’