প্রাথমিকের বৃত্তির ফল ফাঁসের ঘটনায় অভিযুক্ত কর্মকর্তা বরখাস্ত

১০ জুলাই ২০২৬, ০২:০৯ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা মেহতাব কায়েস

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা মেহতাব কায়েস © টিডিসি সম্পাদিত

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের আগেই ফাঁস হওয়ার ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আজ শুক্রবার (১০ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব সাখাওয়াৎ হোসেনের সই করা প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‌‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফলাফল যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশের পূর্বে ওয়েবপোর্টালে আপলোড করার ক্ষেত্রে যথাযথ নিরাপত্তা প্রটোকল অনুসরণ না করে ফলাফল ওয়েবপোর্টালে আপলোড করায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর অনুচ্ছেদ ১২(১) অনুযায়ী অসদাচরণের অভিযোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করা হলো।’

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ওয়েবপোর্টালে আপলোডের তারিখ অর্থাৎ ৯ জুলাই ২০২৬ তারিখ থেকে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষাও স্থগিত হচ্ছে?

এতে আরও বলা হয়, বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিনের সই করা অফিস আদেশ বৃত্তির ফল ফাঁসের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়।

অফিস আদেশে বলা হয়, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফলাফল গতকাল ৮ জুলাই  চূড়ান্ত করা হয়। প্রস্তুতকৃত ফলাফল ওয়েব পোর্টালে আপলোড করার নিমিত্ত প্রয়োজনীয় লিংক তৈরীর জন্য সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মোঃ মেহতাব কায়েসকে দায়িত্ব প্রদান করা হয়। ফলাফল যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশের পূর্বে তা ওয়েব পোর্টালে আপলোড না করার জন্য তাকে নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু আজ ৯ জুলাই সকাল ১০টায় ঢাকা বিভাগের ৯টি জেলার ফলাফল ঐ লিংকসমূহে আপলোড করা হয়। অল্প সময়ে সচল থাকায় এ লিংকসমূহ হতে সাধারণ ব্যবহারকারীগণ ফলাফল ডাউনলোড করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে।

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ফলাফল প্রকাশের বিষয়টি তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন দাখিলের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।কমিটির আহ্বায়ক অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মোঃ মিরাজুল ইসলাম উকিল। এছাড়া সদস্যরা হলেন, উপবৃত্তি বিভাগের শিক্ষা অফিসার মো. জিয়াউল কবির সুমন, প্রশাসন ২-এর  সহকারী পরিচালক মোছাম্মদ রোখসানা হায়দার। 

এদিকে অধিদপ্তর সূত্রে জানা গেছে, লাইভ সার্ভারে লিংক তৈরী এবং আপলোড করার ক্ষেত্রে যে ধরণের নিরাপত্তা প্রটোকল মেনে চলা উচিত ছিল তা অনুসরণ না করায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহতাব কায়েসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফলাফল আজ প্রকাশের কথা ছিল। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুতে এ ফলাফল প্রকাশ করা হতে পারে জানা গেছে।

এদিকে, বৃহস্পতিবার দুপুরের পর নিজাম উদ্দিন জুয়েল নামে এম শিক্ষক তার শিক্ষার্থীদের ফলাফল ফেসবুকের পোস্টে তুলে ধরেন। এতে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। শিক্ষকতা পেশায় সবচেয়ে বড় প্রাপ্তি! বড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থেকে প্রথম বারের মত ৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।’

ফলাফল ফেসবুকের পোস্টে তুলে ধরেন কামরুন নাহার কেয়া নামে এক অভিভাবক লেখেন, ‘আলহামদুলিল্লাহ। ভাগনে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।’

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • ০২ অক্টোবর ২০২৬
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
  • ০২ অক্টোবর ২০২৬
রাতেই ঢাকায় আসছে রূপপুরের ইউরেনিয়াম
  • ০২ অক্টোবর ২০২৬
কেন এত ক্ষুব্ধ হয়েছিলেন মেজর আখতারুজ্জামান, জামায়াতের ৩৪ এম…
  • ০২ অক্টোবর ২০২৬
ছুটির দিনেও উপাচার্যের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করছ…
  • ০২ অক্টোবর ২০২৬
গ্রেপ্তার হলেন জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান, তার আগে দিল…
  • ০২ অক্টোবর ২০২৬