শ্রেণিকক্ষে শিক্ষকদের রাজনৈতিক ‘বায়াসড’ না হওয়ার আহ্বান গণশিক্ষা প্রতিমন্ত্রীর

২৪ মে ২০২৬, ০৭:২৯ PM , আপডেট: ২৪ মে ২০২৬, ০৮:০০ PM
ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ডিবেটিং ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ডিবেটিং ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী © সংগৃহীত

পাবলিক বিশ্ববিদ্যালয়সহ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের পেশাগত সততা ও নিরপেক্ষতার ওপর গুরুত্বারোপ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, একজন শিক্ষকের ব্যক্তিগত বা রাজনৈতিক পরিচয় যা-ই থাকুক না কেন, ক্যাম্পাসের শ্রেণিকক্ষে প্রবেশের পর তার একমাত্র পরিচয় হতে হবে ‘শিক্ষক’।

তিনি দায়িত্বের জায়গায় শিক্ষকদের শ্রেণিকক্ষে কোনো ধরনের রাজনৈতিক পক্ষপাতিত্ব বা ‘বায়াসড’ না হওয়ার আহ্বান জানান।

আজ রবিবার (২৪ মে) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ‘ডিআরইউ ডিবেটিং ক্লাব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পেশাগত জায়গায় নিরপেক্ষতা বজায় রাখার গুরুত্ব বোঝাতে গিয়ে প্রতিমন্ত্রী নিজের দীর্ঘ শিক্ষকতা জীবনের এক অনন্য উদাহরণ টেনে ধরেন। ববি হাজ্জাজ বলেন, ‘আমি নিজে ১৭ বছর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। এর মধ্যে ১০ বছর সরাসরি একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু এতো বছরের শিক্ষকতা জীবনে কোনোদিন কোনো ক্লাসরুমে আমার শিক্ষার্থীদের সামনে নিজের রাজনৈতিক মতাদর্শ নিয়ে আলোচনা করিনি।’

তিনি আরো বলেন, ‘শিক্ষকতার মতো মহান পেশায় দায়িত্বের জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন শিক্ষক যেকোনো দল করতেই পারেন, সেটি তার নাগরিক অধিকার। কিন্তু ক্লাসরুমে যেন তার কোনো প্রভাব না পড়ে। শিক্ষার্থীদের মনোজগতে কোনো দলীয় পক্ষপাত তৈরি না করে একজন আদর্শ শিক্ষক হিসেবে পাঠদান করা উচিত।’

তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত, আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকরা যখন রাজনীতি করেন, তখন অনেক সময় এই সীমারেখাটি বজায় থাকে না।’

সাংবাদিক ও শিক্ষকদের কাজের ধরনের তুলনা করে গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শিক্ষক ও সাংবাদিক উভয়কেই সমাজে দিকনির্দেশকের ভূমিকা পালন করতে হয়। তাই শিক্ষকদের যেমন ক্লাসরুমে নিরপেক্ষ থাকতে হবে, ঠিক তেমনি সাংবাদিকদেরও সংবাদ প্রকাশের সময় ব্যক্তিগত আবেগ ভুলে সম্পূর্ণ যুক্তিনির্ভর ও ফ্যাক্ট-বেসড রিপোর্টিং করা উচিত।

ডিআরইউর সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক ও ডিআরইউ ডিবেটিং ক্লাবের আহ্বায়ক মীর মোহাম্মদ জসিম।

বক্তব্য শেষে প্রতিমন্ত্রী ডিআরইউ ডিবেটিং ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং তরুণ সাংবাদিকদের যৌক্তিক চিন্তার বিকাশে বিতর্কচর্চা অনন্য ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগ: ডিআরইউ
অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, বিচার হবে দুই আ…
  • ২১ নভেম্বর ২০২৬
২৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন সাপ্লিমেন্টারি শিক্ষ…
  • ২১ নভেম্বর ২০২৬
বিড়ি খাওয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্টে মা…
  • ২১ নভেম্বর ২০২৬
ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে গণভোটের রায় বাস্তবায়নের দাবি এগ্রিকা…
  • ২১ নভেম্বর ২০২৬
আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬