মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান শিবিরের ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পরাজিত হলেও সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করবেন কিনা; তা নিয়ে সংশয় রয়েছে ডেমোক্র্যাটদের মধ্যে। সেই সংশয়কে আরও বাড়িয়ে দিয়ে ট্রাম্প নিজেই। তিনি বলেছেন, নির্বাচন হলেও ফল হয়তো জানা যাবে না কখনও। খবর যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মেইলের।
সম্প্রতি এক জরিপে দেখা গেছে, ৫০ শতাংশ ডেমোক্র্যাট মেল ইন পদ্ধতিতে ভোট দিতে চান। তবে তিন চতুর্থাংশ রিপাবলিকান সশরীরে ভোট দেওয়ার পক্ষে। সে কারণেই ডেমোক্র্যাটদের পক্ষ থেকে মেল ইন ভোটের দাবি জানানো হলেও ট্রাম্প শুরু থেকেই এর বিরোধিতা করছেন। এমনকি ভোট-জালিয়াতি হতে পারে বলে ডেমোক্র্যাটদের দিকে আঙুলও তুলেছিলেন তিনি। কিন্তু তার কোনও আপত্তিই ধোপে টেকেনি।
শনিবার ট্রাম্প ভোটের ফল নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে বলেন, ‘আমার মনে হয় না, ২ সপ্তাহের মধ্যেও ভোটের ফল জানা যাবে। এমনকী ৪ সপ্তাহের মধ্যে ভোটের ফল জানা যাবে বলে আমার মনে হয় না।’ ট্রাম্প আরও বলেন, ‘বিধান অনুযায়ী এই বছরের শেষ নাগাদ যদি ভোটের ফল না জানা যায় তাহলে ন্যান্সি পেলোসি প্রেসিডেন্ট হবেন।’।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সাপ্তাহিক কর্মদিবসে নির্বাচন হয় বলে অনেক মানুষ সশরীরে ভোট দিতে পারেন না। কাজের সূত্রে দূরে থাকার কারণেও কারও কারও ভোট দিতে সমস্যা হয়। এমন সব মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে সেদেশে ডাকযোগে ব্যালট পাঠানোর বিধান রয়েছে। এ বছর করোনা সংকটের কারণে অসংখ্য ভোটার সেই সুযোগ গ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে।