‘আমি ভেবেছিলাম, আমাকে আপনারা ছুটি দেবেন। আপনাদের ভাবতে হবে আমার বয়স হয়ে গেছে। আমার বয়স এখন ৭৩। এবারও আমাকে দায়িত্ব দিয়েছেন’— এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সবার সম্মতিতে আবার সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের নেতাকর্মীরাই আমার শক্তি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালে পরিবার হারানোর পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরাই আমার শক্তি। আমার ৭৩ বছর বয়স হয়ে গেছে। আপনাদের নতুন করে ভাবতে হবে। আগামীতে নতুন নেতা নির্বাচন করতে হবে। সভাপতি পদে যেহেতু আর কোনো নামের প্রস্তাব আসেনি। তাই আমাকেই আপনারা নির্বাচিত করেছেন। দলের নেতাকর্মীদের নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাব।
দলটি প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত সভাপতি হয়েছেন সাতজন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া দলটির সভাপতি হিসেবে সর্বোচ্চ মেয়াদে দায়িত্ব পালন করছেন তারই কন্যা শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবমবারের মতো দলের সভাপতি নির্বাচিত হয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা আবদুল হামিদ খান ভাসানী তিনবার করে সভাপতি নির্বাচিত হয়েছেন।
আবদুর রশীদ তর্কবাগীশ দুইবার এবং এএইচএম কামারুজ্জামান ও আবদুল মালেক উকিল একবার করে সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া সৈয়দা জোহরা তাজউদ্দিন ৭৫ পরবর্তী পরিস্থিতিতে একবার দলের আহ্বায়কের দায়িত্ব পালন করেছিলেন।
আওয়ামী লীগের দুই দিনব্যাপী জাতীয় সম্মেলনের প্রথম অধিবেশন শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়। সম্মেলনের শেষ দিন দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে। দ্বিতীয় অধিবেশনে শেখ হাসিনাকে দলের সভাপতি ও ওবায়দুল কাদেরকে আবার সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন কাউন্সিলররা।