বক্তব্য রাখছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান © সংগৃহীত
আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কার্যকারিতা দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। দেশের ক্রমঅবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলেও তার কোনো উন্নতি চোখে পড়ছে না বলেও উল্লেখ করেছেন তিনি।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াত আমির এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা খুবই উদ্বেগ এবং বেদনার সাথে লক্ষ্য করছি— গত কয়েক দিন ধরে অবাধভাবে দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম চলছে। এমনকি মারতে মারতে আর্মি গোল্ড ক্লাবেও গিয়ে এখন ককটেল বিস্ফোরণ হচ্ছে। এসবির সদর দপ্তরের সামনে হচ্ছে, থানার গেটে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর তিন দিন হয়েছে। আজকে দুজন সেখানে আহত হয়েছেন। এছাড়া অতি সম্প্রতি সীমান্ত এলাকায়, পার্বত্য এলাকায় সন্ত্রাসীদেরকে দমন করতে গিয়ে আমাদের একজন তরুণ সেনা সদস্য তার জীবন হারিয়েছেন।
তিনি বলেন, কয়েক দিন আগে আমরা দেখলাম সাজেক ভ্যালিকে কেন্দ্র করে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। এগুলোর শেষ কোথায়? গোপালগঞ্জে পুলিশের গাড়িতে দফায় দফায় আক্রমণ এবং আগুন জ্বালানো হচ্ছে। সরকারি দলের অফিসে হামলা-ভাঙচুর-লুটতরাজ করা হচ্ছে। বিরোধীদলের কর্মীদের ওপর বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত-বিচ্ছিন্ন হামলা করা হচ্ছে। যেটা হাসিব আল ইসলামের কথা এইমাত্র বিরোদীদলীয় চিফ হুইপ তুলে ধরলেন।
তিনি আরও বলেন, এর আগেও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এসব বিষয়ে। কিন্তু আমরা ক্রমান্বয়ে উদ্বেগজনক হারে তার অবনতি লক্ষ্য করছি, কোনো উন্নতি আমাদের কাছে ধরা পড়ছে না। এতগুলো ঘটনা ঘটার পর কাকে কোথায় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করল, তার কোনো হদিস আমাদের কাছে নাই। মানুষ ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে দিয়েছে, জনগণ ধরে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তো কোথাও কিছু করেনি।
জামায়াত আমির বলেন, আমাদের বিজিবি আছে, এসআরবি আছে, এপিবিএন আছে, আমাদের রেগুলার পুলিশ ফোর্স আছে, আমাদের আনসার ব্যাটালিয়ন আছে। আমাদের তো স্তরে স্তরে দেশে আইনশৃঙ্খলার জন্য রক্ষার জন্য বিভিন্ন পর্যায়ের বাহিনী রয়েছে। সঙ্গত কারণেই এই দু-চারদিনের উদ্বেগজনক অবস্থায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি সংসদে এই বিষয়গুলো উপস্থাপন করবেন, আমরা আশা করেছিলাম। প্রথম দিন গেল তার কোনো আলামত দেখলাম না। দ্বিতীয় দিন গেল তার কোনো আলামত ধরা পড়েনি। তাহলে দেশের এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে, সেটার দায় সরকার এবং বিশেষভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াবে কীভাবে? পূর্ণ দায় নিতে হবে।
বিরোধীদলীয় নেতা বলেন, আমি অত্যন্ত গভীর ব্যথার সাথে বলছি, আজকে একজন প্রতিমন্ত্রী বিরোধীদলীয় একজন সংসদ সদস্যকে ফোন করে বললেন যে— ‘আমরা তো অনেক কিছু করছি। আপনারা কী করছেন, বসে বসে আছেন কেন আপনারা?’ তিনি অবশ্য নির্বাচিত কোনো সদস্য না, কিন্তু একজন নির্বাচিত সদস্যকে শাসানোর ভাষায় কথা বলছেন। আবার একজন জ্যেষ্ঠ নেতাকে রেফার করে বলতেছেন যে তার পাশ থেকে বলতেছি। আমি এটা বুঝতে পারছি না, আসলে সরকার কীভাবে বিষয়গুলোকে দেখছেন, এবং কীভাবে হ্যান্ডেল করবেন?
জনগণ উদ্বেগের মধ্যে আছে উল্লেখ করে তিনি বলেন, আমরা এখানে স্পষ্টত আইনশৃঙ্খলা রক্ষাকারী দায়িত্বশীল এই মন্ত্রণালয়কে অকার্যকর দেখছি। এখানে কোনো কার্যকারিতা ফুটে উঠছে না আমাদের সামনে। ফ্যাসিস্ট আমলে আমরা নিষিদ্ধ ছিলাম না, আমাদের অফিস সিলগালা করা হয়েছে, নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু আমরা একটা বৈধ দল ছিলাম। সেখানে ঘর থেকে বের হতে পারিনি। বাপ-বেটা একসাথে ভাত খেয়েছে, ধরে নিয়ে বলেছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র।
আওয়ামী লীগের সময় দলীয় অভিজ্ঞতা বর্ণনা করে জামায়াত আমির আরও বলেন, একটা মিছিল বের করেছি; আমরা সিদ্ধান্ত নিতাম যে আজকে দুটা মামলা হবে কমপক্ষে, আর কিছু লোককে জেলে যেতে হবে। যা চিন্তা করতাম তা-ই ঘটত। কিন্তু এখন অব্যাহতভাবে এগুলো হচ্ছে। আইনের ইমপ্লিকেশন কোথায়? আইনশৃঙ্খলাবাহিনী কী করছে? আমি এই ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট বক্তব্য জাতির সামনে আমি আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, আমি আরও বলতে চাই, দায়িত্বশীল বিরোধীদল হিসেবে আমরা দায়িত্ব পালন করার পক্ষে। ইন্টেরিম সরকার পলিটিক্যাল কোনো গভর্নমেন্ট ছিল না, কিন্তু যখনই জাতীয় কোনো সংকট দিয়েছে—সবাইকে তারা ইনভাইট করেছে, সবাইকে সম্পৃক্ত করেছে। জাতির কাছে একটা ম্যাসেজ গিয়েছে। জাতি উপকৃত হয়েছে। এ ব্যাপারে আজ পর্যন্ত আমরা কিছু দেখছি না। ঠিক আছে, একাই করেন, তবে করেন। আমরা সেটা চাই।