বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান © সংগৃহীত
গণভোটের অনুমোদিত সংবিধান সংস্কার বিএনপি মানতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনের নজির টেনে বিরোধীদলীয় নেতা বলেছেন, ‘অতীতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা মানতে না চাইলেও পরে যেমন মানতে হয়েছে, একইভাবে সংস্কার মানতেও বাধ্য হবে।’
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে আলোচনা সভায় এই কথা বলেছেন শফিকুর রহমান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা সেনা কর্মকর্তাদের সমর্থনে ক্ষমতায় আসা খন্দকার মোশতাক আহমদ ১৯৭৫ সালের ৩ নভেম্বর ক্ষমতাচ্যুত হন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের অভ্যুত্থানে। চার দিনের মাথায় ৭ নভেম্বর খালেদ মোশাররফ ক্ষমতাচ্যুত হন কর্নেল তাহেরের অনুগত সেনা সদস্যদের পাল্টা অভ্যুত্থানে। এতে গৃহবন্দি থেকে মুক্ত জিয়াউর রহমান চলে আসেন ক্ষমতার কেন্দ্রে। দিনটিকে বিএনপির মতো জামায়াতও বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে।
বাহাত্তর থেকে পঁচাত্তরের ঘটনাপ্রবাহ তুলে ধরে জামায়াত আমির বলেন, ৭ নভেম্বরের বিপ্লবের অন্যতম কারণ ছিল সেনাবাহিনীকে অবজ্ঞা। সিপাহিদের বিপ্লবে জনতা সংহতি প্রকাশ করেছিল। বারবার জনতার বিপ্লবের সুফলভোগী বিএনপি সংস্কারকে অবজ্ঞা করে কর্তৃত্ববাদী ব্যবস্থা ফিরিয়ে আনছে বলে অভিযোগ করেছেন শফিকুর রহমান। ক্ষমতায় এসে, এমন ২০টি অধ্যাদেশ বাতিল করেছে, যা থাকলে ফ্যাসিবাদ ফিরতে পারত না।
জামায়াত আমির বলেছেন, সংস্কার ছাড়া বাংলাদেশের মুক্তি নেই। ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটি মানসিকতা। ভাইরাসের মতো। যে কেউ ক্ষমতায় গিয়ে এই মানসিকতায় আক্রান্ত হতে পারে। বিএনপির বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ করে শফিকুর রহমান বলেছেন, সব জায়গায় দলীয় লোক বসিয়েছে সরকার। দুর্নীতি দমন কমিশনকেও বাদ রাখেনি। সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হয়েছে। আরও সদস্যকে চাপের মুখে বিদায় করা হয়েছে। দলীয় পরিচয়ে নিয়োগ দিতে এই আয়োজন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে কী চুক্তি হয়েছে, তা প্রকাশ্য করার দাবি জানিয়ে তিনি বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে মাতারবাড়ী বন্দর চুক্তি জাতির সামনে পরিষ্কার করতে হবে। দেশের স্বার্থবিরোধী চুক্তি জনগণ মানবে না। জামায়াত আমির বলেছেন, ৭ নভেম্বরের শিক্ষা হচ্ছে– দেশ পরিচালনায় জনগণের ভাষা বুঝতে হবে। একদিকে বিএনপির কেউ বলছে চব্বিশের গণঅভ্যুত্থানে তাদের সম্পর্ক ছিল না। আবার আরেকদিকে বলেছে, তাদের নেতা নাকি মাস্টারমাইন্ড! এগুলো জাতির সঙ্গে উপহাস।
ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনায় সভায় দলের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বিএনপির উদ্দেশে বলেন, ৭ নভেম্বরের শিক্ষা নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করুন।
এদিকে বিবৃতিতে গোলাম পরওয়ার মানবপাচারকারী চক্রের সঙ্গে সংঘর্ষে সেনাসদস্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। চক্রটির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি।