ঢাবিতে একসময় মার্ক্স-লেনিন নিয়ে কথা বলা গেলেও আল্লাহ-রাসূলকে নিয়ে বলার সুযোগ ছিল না: সাদিক কায়েম

০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ PM
 ডাকসু ভিপি সাদিক কায়েম

ডাকসু ভিপি সাদিক কায়েম © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় কার্ল মার্ক্স, লেনিন কিংবা বস্তুবাদী দর্শন নিয়ে অবাধে কথা বলার সুযোগ থাকলেও আল্লাহ ও রাসূল (সা.)-কে নিয়ে কথা বলার সুযোগ ছিল না বলে মন্তব্য করেছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। তিনি বলেন, কুরআনের আসর করার কারণে শিক্ষার্থীদের নির্যাতন ও শোকজের মুখোমুখি হতে হতো। অথচ আজ তাদের উত্তরসূরিরাই বিশ্ববিদ্যালয়ের বটতলায় প্রকাশ্যে উৎসব পালন করছেন।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৭ সালের নববর্ষের প্রকাশনা সামগ্রীর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, ‘একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্ল মার্ক্স, লেনিন কিংবা বস্তুবাদী দর্শন নিয়ে অবাধে কথা বলা গেলেও আল্লাহ ও রাসূল (সা.)-কে নিয়ে কথা বলার সুযোগ ছিল না। কুরআনের আসর করার কারণে শিক্ষার্থীদের নির্যাতন ও শোকজের মুখোমুখি হতে হতো। আজ তাঁদের উত্তরসূরিরাই এই বটতলায় প্রকাশ্যে উৎসব পালন করছেন।’

তিনি আরও বলেন, ‘ছাত্রশিবির চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারিত্বের পরিবর্তে সৃজনশীলতা ও জাতি গঠনের রাজনীতি করে। ইতিবাচক ও কল্যাণমুখী রাজনীতির মাধ্যমে ছাত্রশিবির একটি আদর্শ প্রজন্ম গড়ে তুলছে, যারা আগামী দিনে ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবে।’

ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ এবং ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বলেন, ‘ছাত্রশিবিরের নববর্ষের প্রকাশনাগুলো দীর্ঘ গবেষণা ও চিন্তার ফসল। বাংলাদেশের সমৃদ্ধি ও মুসলিম সালতানাতের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে এবারের প্রকাশনার থিম সাজানো হয়েছে। আমরা নান্দনিকতা, সৃজনশীলতা ও গবেষণাভিত্তিক সমাজ গঠনে বিশ্বাস করি। তরুণ প্রজন্মের নৈতিক অবক্ষয়, মাদকাসক্তি, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয়ের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তোলা জরুরি, ছাত্রশিবির সে চেষ্টাই করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘তরুণদের ব্যক্তিজীবন পরিশুদ্ধ করা এবং ইসলামের শিক্ষা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ছাত্রশিবির কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে প্রশিক্ষণের পাশাপাশি প্রতি বছর গবেষণালব্ধ প্রকাশনা, বিভিন্ন সাময়িকী, বিজ্ঞান সাময়িকী ও ধর্মীয় বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। নানা প্রতিকূলতা মাড়িয়ে এ বছর সে ধারা অব্যহত রেখেছে।’

নূরুল ইসলাম বলেন, ‘আমাদের প্রকাশনাগুলো কেবল উপহারসামগ্রী বা বিনোদনের উপকরণ নয়; বরং এর মাধ্যমে ছাত্রসমাজ, পরিবার, অভিভাবক ও সুধীমহলের কাছে ইতিহাস, ঐতিহ্য, জ্ঞান-বিজ্ঞান ও নৈতিকতার বার্তা পৌঁছে দিতে চাই। নতুন প্রজন্মের মধ্যে চিন্তা, গবেষণা ও সৃজনশীলতার বিকাশ ঘটানোই আমাদের লক্ষ্য।’

ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেন, ‘ছাত্রশিবিরের এই পথচলাকে বারবার থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে ছাত্রশিবির কখনোই কাউকে ভয় দেখিয়ে নিজেদের আদর্শের দিকে নিয়ে আসতে চায়নি, বরং শত প্রতিবন্ধকতা সত্ত্বেও ছাত্রশিবির তার ক্রিয়েটিভিটি, সৌন্দর্য ও উৎকর্ষতা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের মন জয় করেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা জানি বিগত ১৬ বছর যে ফ্যাসিবাদী শাসন ছিল সেটা আমাদেরকে আধিপত্যবাদী শক্তির নতজানু করে রেখেছিল। কিন্তু আমরা বিশ্বাস করি আমরা এই বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবো। ইসলামী ছাত্রশিবির সেজন্যই ক্যালেন্ডারে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, ইতিহা-ঐতিহ্য, চ্যালেঞ্জ ও সম্ভাবনাগুলোকে তুলে ধরেছে।’

কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ বলেন, ‘বিগত ১৬ বছরে ছাত্রশিবিরের গঠনমূলক কার্যক্রমগুলো শিক্ষার্থীদের মাঝে উপস্থাপনের সুযোগ দেওয়া হয়নি। ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি সভ্যতা বিনির্মাণে কাজ করে যাচ্ছে। এ পথে অবিচল থাকতে গিয়ে তিন শতাধিক ভাইকে নির্মমভাবে শহীদ হতে হয়েছে।’

২০২৭ সালের নববর্ষের প্রকাশনায় মুসলিম ঐতিহ্য, ইতিহাস, সমাজ সচেতনতা ও ব্যবহারিক উপযোগিতার সমন্বয় করা হয়েছে। প্রকাশনার তালিকায় রয়েছে বাংলা ও ইংরেজি ডায়েরি, পকেট ও মাঝারি ডায়েরি, নোটবুক, ইয়ার প্ল্যানার এবং বিভিন্ন ধরনের ক্যালেন্ডার।

এবারের বাংলা ডায়েরির প্রচ্ছদ টাঙ্গাইলের ঐতিহাসিক আতিয়া মসজিদের মুঘল স্থাপত্যশৈলীর টেরাকোটা অলংকরণের আদলে সাজানো হয়েছে। শিক্ষার্থীদের ইতিহাসের প্রতি আগ্রহী করতে এতে প্রতিদিনের বিশ্ব ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা ও সমকালীন বইয়ের পরিচিতি যুক্ত করা হয়েছে। পাশাপাশি ডেস্ক ক্যালেন্ডারে ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাসের সাক্ষী আয়া সোফিয়া, কর্ডোভা ও মসজিদে কুবাসহ ১২টি ঐতিহাসিক মসজিদের সচিত্র পরিচিতি তুলে ধরা হয়েছে।

প্রকাশনার অন্যতম আকর্ষণ গবেষণালব্ধ ‘তিন পাতা ক্যালেন্ডার’। এতে বাংলাদেশের ভূরাজনীতি, সীমান্ত নিরাপত্তা, নদীর পানির হিস্যা, বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব ও সুনীল অর্থনীতি, মুসলিম পরিচয়ের শেকড় সন্ধান এবং ডাটা সার্বভৌমত্বের মতো সময়োপযোগী ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়েছে।

এ ছাড়া শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনা সহজ করতে মাসিক ও দৈনিক রুটিনের ছকসহ ইয়ার প্ল্যানার, লেদার ও জেল বাইন্ডিংয়ের ডায়েরি এবং সূরা ইব্রাহীমের আয়াতের ক্যালিগ্রাফি সংবলিত এক পাতা ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে।

প্রকাশনা উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়। অনেকে পরিবার-পরিজন নিয়ে উৎসবে অংশ নেন। তাঁরা বিভিন্ন স্টল ঘুরে প্রকাশনাগুলো দেখেন। কেউ পছন্দের প্রকাশনা সামগ্রী কেনেন, আবার কেউ প্রিয়জনকে উপহার দেন। মোড়ক উন্মোচনের পর কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ ও ডাকসুর ভিপি আবু সাদিক কায়েমসহ সংগঠনের নেতারা স্টলগুলো ঘুরে দেখেন।

আয়োজনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক আনিসুর রহমান, কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী, উচ্চশিক্ষা ও গবেষণা সম্পাদক মো. ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক এসএম ফরহাদ, সমাজসেবা সম্পাদক ও রাকসু ভিপি মো. মোস্তাকুর রহমান জাহিদ, এইচআরডি সম্পাদক হেলাল উদ্দিন রুবেল, আইন সম্পাদক শামীম উদ্দীন, স্পোর্টস সম্পাদক মুশফিকুর রহমান এবং ছাত্র অধিকার সম্পাদক ও জকসু ভিপি রিয়াজুল ইসলাম। এ ছাড়া সেক্রেটারিয়েট ও কার্যকরী পরিষদের সদস্য এবং ঢাকায় বিভিন্ন শাখার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সংগঠনের সব স্তরের জনশক্তিকে এসব প্রকাশনা সামগ্রী ছাত্রসমাজ ও সুধীমহলের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

বন্দিদশা থেকে ক্ষমতার কেন্দ্রে জিয়াউর রহমান, ৭ নভেম্বরের নে…
  • ০৬ নভেম্বর ২০২৬
রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ঢাকা কলেজে মুছে ফেলা হলো জুলাই গণঅ…
  • ০৬ নভেম্বর ২০২৬
প্রথমবারের মতো ইংল্যান্ড দলে এক সঙ্গে খেলবেন ‘বেলিংহ্যাম ব্…
  • ০৬ নভেম্বর ২০২৬
নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট পুনর্দখলের সময় এসেছে: বিজেপির স…
  • ০৬ নভেম্বর ২০২৬
ঢাবিতে একসময় মার্ক্স-লেনিন নিয়ে কথা বলা গেলেও আল্লাহ-রাসূলক…
  • ০৬ নভেম্বর ২০২৬
উপজেলা শিক্ষা অফিসারের কক্ষে প্রধান শিক্ষককে মারধর, সেই শিক…
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950