জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিল © সংগৃহীত
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সম্পাদিত ইজারা চুক্তি অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। সংগঠনটির নেতারা বলেছেন, দেশের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিয়ে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব ঝুঁকির মুখে ফেলার মতো কোনো চুক্তি শ্রমিক-কর্মচারীরা বাস্তবায়ন হতে দিতে পারেন না।
গত ৮ অক্টোবর ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ইজারা চুক্তি সম্পাদনের প্রতিবাদে রবিবার (১১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে এ দাবি জানানো হয়।
স্কপের যুগ্ম সমন্বয়ক নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন স্কপ নেতা সাইফুজ্জামান বাদশা, শামীম আরা, নূর মোহাম্মদ আকন্দ, বাদল খান, নঈমুল আহসান জুয়েল, আহসান হাবিব বুলবুল, প্রকাশ দত্ত ও খালেকুজ্জামান লিপনসহ অন্য নেতারা। সমাবেশ পরিচালনা করেন এএএম ফয়েজ হোসেন।
সমাবেশে নেতারা অভিযোগ করেন, ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়া বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতির বিপরীতে অবস্থান নিয়ে দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। তাদের দাবি, নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তির মাধ্যমে দেশের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
চুক্তির আর্থিক দিক তুলে ধরে শ্রমিক নেতারা বলেন, চুক্তি অনুযায়ী ১৫ বছর টার্মিনাল পরিচালনা ও রাজস্ব আদায়ের দায়িত্ব পালনের বিনিময়ে ডিপি ওয়ার্ল্ড বন্দর কর্তৃপক্ষকে ৬০০ কোটি টাকা দেবে এবং বন্দর উন্নয়নে এক হাজার কোটি টাকা বিনিয়োগ করবে বলে উল্লেখ রয়েছে। অন্যদিকে, তাদের দেওয়া হিসাব অনুযায়ী, প্রতি কনটেইনার হ্যান্ডলিংয়ে প্রায় ১৬ হাজার টাকা চার্জ এবং বছরে প্রায় ১৩ লাখ কনটেইনার হ্যান্ডলিংয়ের হিসাবে বার্ষিক আয় প্রায় দুই হাজার কোটি টাকা।
নেতাদের দাবি, এই হিসাব বিবেচনায় নিলে টার্মিনাল পরিচালনা ও বিনিয়োগের আর্থিক কাঠামো নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়। তারা বলেন, দেশের স্বার্থ ক্ষুন্ন করে কোনো চুক্তিকে উন্নয়নের চুক্তি হিসেবে অভিহিত করা যায় না।
সমাবেশ থেকে অবিলম্বে নিউমুরিং কনটেইনার টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবি জানানো হয়। একই সঙ্গে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীসহ সারাদেশের শ্রমজীবী মানুষকে সঙ্গে নিয়ে এ চুক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।
সমাবেশ শেষে একই দাবিতে বিক্ষোভ মিছিল করেন স্কপের নেতাকর্মীরা।