ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান)। © টিডিসি ফটো
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত করে গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি জানিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান)। একই সঙ্গে লুট হওয়া টিকা ও টিকাদানের রেজিস্টার উদ্ধার, বিকল্প স্থানে টিকাদান কার্যক্রম চালু, স্বাস্থ্যকেন্দ্র পুনর্নির্মাণ এবং ঘটনার সময় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে এসব দাবি করেন তিনি।
বিবৃতিতে এমপি আরমান বলেন, ‘মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে মুখোশধারী দুর্বৃত্তদের সশস্ত্র হামলা, লুটপাট এবং পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য হিসেবে আমি তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি।’
তিনি বলেন, ‘প্রায় পাঁচ দশক ধরে এই কেন্দ্র মিরপুরের দরিদ্র মা ও শিশুদের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। রাতের আঁধারে শত শত মুখোশধারীর এই হামলা নিছক সন্ত্রাস নয়, এটি আমাদের শিশুদের জীবন ও ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত। নিরাপত্তাকর্মীদের মারধর করে খুঁটিতে বেঁধে রাখা হয়েছে, সরকারি ইপিআই টিকা ও টিকাদানের রেজিস্টার লুট করা হয়েছে, ভারী যন্ত্র চালিয়ে ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। রাজধানীর বুকে এমন ঘটনা ঘটতে পারে, তা লজ্জার এবং ভয়ংকর।’
ঘটনার পেছনে কারা জড়িত, তা প্রকাশের দাবি জানিয়ে তিনি বলেন, ‘আমার প্রশ্ন, আড়াইশো মানুষ ভারী যন্ত্রপাতি নিয়ে একটি স্বাস্থ্যকেন্দ্র ভাঙল, অথচ কেউ কিছু টের পেল না? এর পেছনে কারা, কাদের ছত্রছায়ায় এবং কোন দখলবাজির স্বার্থে এই তাণ্ডব চালানো হলো, তা জাতির সামনে প্রকাশ করতে হবে। দখলবাজ যেই হোক, যে দলেরই হোক, কোনো ছাড় দেওয়া চলবে না।’
এ সময় পাঁচ দফা দাবি জানান ঢাকা-১৪ আসনের এই সংসদ সদস্য। দাবিগুলোর মধ্যে রয়েছে—হামলায় জড়িত সব দুর্বৃত্ত ও তাদের নেপথ্যের পৃষ্ঠপোষকদের ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত করে গ্রেপ্তার ও দ্রুত বিচার করা; লুট হওয়া টিকা, টিকাদানের রেজিস্টার ও নথি উদ্ধার করা, যাতে কোনো শিশুর টিকার ধারাবাহিকতা ব্যাহত না হয়; স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে অবিলম্বে বিকল্প স্থানে টিকাদান কার্যক্রম চালু করা; স্থাপনা পুনর্নির্মাণ ও ক্ষতিপূরণ দেওয়া এবং জমি দখলের যেকোনো অপচেষ্টা প্রতিহত করা; এবং ঘটনার সময় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্ত করা।
এদিকে, মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা অর্থের বিনিময়ে হামলায় অংশ নেওয়ার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন।
ঘটনার পরদিন স্বাস্থ্যকেন্দ্রটির সামনে অস্থায়ীভাবে টেবিল-চেয়ার ও ত্রিপল টানিয়ে শিশুদের টিকাদান কার্যক্রম চালু রাখা হয়েছে। তবে স্থাপনা গুঁড়িয়ে দেওয়ায় অন্যান্য স্বাস্থ্যসেবা আগের মতো দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এমপি আরমান বলেন, ‘ঢাকা-১৪-এর মানুষের প্রতিনিধি হিসেবে আমি স্পষ্ট করে বলছি, আমাদের এলাকার মা ও শিশুদের স্বাস্থ্যসেবা কেড়ে নেওয়ার কোনো ষড়যন্ত্র সফল হতে দেব না। বিষয়টি আমি সংসদে তুলব, এবং দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।’
জানা গেছে, ওমরাহ পালনের উদ্দেশ্যে বর্তমানে সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান) সৌদি আরবে অবস্থান করছেন। আজ সকালে ওমরাহ পালনরত অবস্থা থেকেই নিজের ফেসবুকে এক ভিডিও বার্তায় মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন।