বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

০৬ আগস্ট ২০২৬, ০৮:৪১ PM
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া © সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে উত্থাপিত ঘুষ দাবির অভিযোগের প্রমাণ চেয়ে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন অন্তর্বতীকালীন সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আপনারা অবগত আছেন যে, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকেই পরাজিত ফ্যাসিস্ট শক্তি এবং রাজনৈতিক স্বার্থে কিছু স্বার্থান্বেষী মহল নিয়মিত গণ-অভ্যুত্থানের নেতৃবৃন্দের বিরুদ্ধে নানারকম অপপ্রচার এবং চরিত্রহননের চেষ্টা করে যাচ্ছে। বিগত দুই বছর ধরেই নানা রকম অপবাদ এবং অপপ্রচারের শিকার হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে এখন পর্যন্ত কেউই কোন সুনির্দিষ্ট অভিযোগ কিংবা প্রমাণ উত্থাপন করতে পারেনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েকদিন পূর্বে একটি পাবলিক প্রোগ্রামে বিএনপির সংরক্ষিত আসনের নারী এমপি বীথিকা বিনতে হোসাইন অভিযোগ করেন যে, বিসিবির সদস্য হওয়ার জন্য তার থেকে আসিফ মাহমুদ ৩ কোটি টাকা দাবি করেছেন। বিষয়টি মিডিয়ায় আসার পর আসিফ মাহমুদের পক্ষ থেকে কয়েক দফা তার সাথে যোগাযোগ করে অভিযোগের পক্ষে প্রমাণ কিংবা সুনির্দিষ্ট ভাবে কে, কার থেকে অর্থ দাবি করেছে; তা জানতে চাওয়া হয়। তিনি একাধিকবার তথ্য দিবেন বলেও কোনো প্রকার তথ্য দেননি। বারবার যোগাযোগ করা হলে তিনি জানান "আমাকে তো এমনটাই বলা হয়েছে"। পরবর্তীতে তিনি জানাবেন বলেও যোগাযোগ বন্ধ করে দেন। এতে এটাই প্রতীয়মান হয় যে, তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে চরিত্রহননের উদ্দেশ্যেই উক্ত বক্তব্য দিয়েছেন। 

এ অবস্থায় আসিফ মাহমুদের পক্ষ থেকে আইনি নোটিশ পাঠিয়ে ৭ দিনের মধ্যে অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপনের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় অভিযোগ প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এর কোনোটি না হলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে মানহানির মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

আসিফ মাহমুদের পক্ষ থেকে আরও দাবি করা হয়, তার বিরুদ্ধে চলমান অপপ্রচার কেবল ব্যক্তিগতভাবে তাকে লক্ষ্য করে নয়; বরং জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব, চেতনা ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করার একটি পরিকল্পিত প্রচেষ্টার অংশ। একই সঙ্গে ভবিষ্যতে মিথ্যাচার, অপপ্রচার ও চরিত্রহননের অভিযোগের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

তবে এ অভিযোগের বিষয়ে বিএনপি এমপি বীথিকা বিনতে হোসাইনের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। তার প্রতিক্রিয়া পাওয়া গেলে তা সংযুক্ত করা হবে।

পবিপ্রবির প্রথম উপাচার্যের প্রয়াণে স্মরণসভা ও দোয়া
  • ৩১ আগস্ট ২০২৬
নেপালের পর এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যা, নিখোঁজ অন্তত ২০
  • ৩১ আগস্ট ২০২৬
বিমানবন্দর থেকে বের হতেই গাড়ি থামিয়ে প্রবাসীর স্বর্ণালঙ্কার…
  • ৩১ আগস্ট ২০২৬
পারিবারিক বিরোধ মেটানোর কথা বলে হোটেলে নারীকে ডেকে ধর্ষণচেষ…
  • ৩১ আগস্ট ২০২৬
নেপালের ধ্বংসস্তূপের নিচ থেকে ৬ বছরের শিশুকে জীবিত উদ্ধার
  • ৩১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির শেষ রিলিজ স্লিপের ফল প্…
  • ৩১ আগস্ট ২০২৬