এনসিপির সমাবেশে ককটেল হামলাকারী দুজনের রাজনৈতিক পরিচয় জানা গেল

০৭ জুলাই ২০২৬, ০৭:২২ PM
ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তারকৃতরা

ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তারকৃতরা © টিডিসি সম্পাদিত

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল হামলার ঘটনায় গ্রেপ্তার দুই সন্দেহভাজনের রাজনৈতিক পরিচয় জানা গেছে। তারা দুজনই যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুই যুবলীগ নেতাকর্মীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৭ জুলাই) ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট জিআর শাখার এসআই মো. বাহাজ উদ্দিন।

মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাখাওয়াত ইমতিয়াজ আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানায়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে দুপুরে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে যুবলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম (৫২) এবং সাভারের আনন্দপুর মহল্লার যুবলীগ কর্মী সজীব (৩২)। তারা দুজনই সাভারের আনন্দপুর মহল্লায় বসবাস করতেন।

এর আগে, গতকাল সাভারে এনসিপি জুলাই পদযাত্রা-পরবর্তী সমাবেশে বিস্ফোরণ ঘটানো হয়। পরে সোমবার (৬ জুলাই) রাতে এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্যসচিব মো. সালামত উল্লাহ বাদী হয়ে সাভার মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠে জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়। সন্ধ্যার পর সমাবেশ শুরু হয়। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে পৌঁছান।

সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনীম বক্তব্য দেওয়ার সময় এ বিস্ফোরণ ঘটানো হয়।

সমাবেশস্থলে ককটেল হামলার পর এনসিপির নেতারা সাভার মডেল থানার সামনে অবস্থান নেন। সেখানে সমাবেশে ককটেল হামলার ঘটনায় বিক্ষোভ করছেন তারা।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ…
  • ০৯ আগস্ট ২০২৬
লটারির কারণে জেলা স্কুলের আগের মান আর নেই
  • ০৯ আগস্ট ২০২৬
জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬