এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুরু কাল, যাবে গোপালগঞ্জেও

০৫ জুলাই ২০২৬, ০৮:৫১ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৬, ০৯:০৪ PM
জাতীয় নাগরিক পার্টির লোগো

জাতীয় নাগরিক পার্টির লোগো © সংগৃহীত ও সম্পাদিত

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই পদযাত্রা’ শুরু হচ্ছে আগামীকাল সোমবার (৬ জুলাই)। কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলা সফরের পাশাপাশি গোপালগঞ্জেও যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে দলটি।

আগামীকাল পদযাত্রার উদ্বোধনী কর্মসূচি অনুষ্ঠিত হবে গাজীপুরের কালীগঞ্জে। বিকেল ৪টায় স্থানীয় বাসস্ট্যান্ডে ‘জুলাই বিপ্লবীদের মহাসমাবেশে’ অংশ নেবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা।

‘গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার’ দাবিতে শনিবার (৫ জুলাই) বিকেলে প্রথমে ৬৪ জেলায় কর্মসূচি পালনের ঘোষণা দেয় এনসিপি। পরে সংশোধিত সূচিতে জানানো হয়, আপাতত গোপালগঞ্জসহ ৬ জেলা বাদ দিয়ে পদযাত্রা হবে।

তবে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচি বাস্তবায়ন কমিটির সদস্যসচিব আলী আহসান জুনায়েদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, “গোপালগঞ্জে যাওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে। তবে এটি আলাদা কোনো কর্মসূচি নয়, চলমান জুলাইয়ের কর্মসূচির অংশ হিসেবেই সেখানে যাওয়া হবে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।”

তিনি আরও বলেন, “সামনে আরও কয়েকটি কর্মসূচি রয়েছে। তবে আপাতত জুলাইয়ের কর্মসূচির অংশ হিসেবেই গোপালগঞ্জে যাওয়ার পরিকল্পনা রয়েছে।”

উল্লেখ্য, ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভাকে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে। এতে চারজন নিহত এবং শতাধিক মানুষ আহত হন।

এর আগে শনিবার (৫ জুলাই) আয়োজিত সংবাদ সম্মেলনে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানান, ২০২৫ সালে দল গঠনের পর দেশের ৬৪ জেলায় ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার ‘গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষা’ দাবিতে ‘জুলাই পদযাত্রা-২০২৬’ আয়োজন করা হয়েছে।

তিনি জানান, ৭ জুলাই থেকে কক্সবাজারের উখিয়া থেকে দক্ষিণাঞ্চলের পদযাত্রা শুরু হবে। উত্তরাঞ্চলের কর্মসূচিতে নেতৃত্ব দেবেন সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী। আর দক্ষিণাঞ্চলের কর্মসূচিতে নেতৃত্ব দেবেন মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এনসিপির দাবি, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলটি ইতোমধ্যে ১০০ উপজেলা ও পৌরসভায় সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে। এসব এলাকাকেই কেন্দ্র করে পদযাত্রা পরিচালিত হবে। একই সঙ্গে জুলাই আন্দোলনের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং স্থানীয় সমস্যাগুলো সরাসরি জানার লক্ষ্যেই এই কর্মসূচি আয়োজন করা হচ্ছে।

স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬
চরিত্রহীন-লম্পট-টাউট-বাটপাররা ক্ষমতার লোভে এনসিপিতে জড়ো হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬