জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ © টিডিসি ফটো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচনের (জাকসু) দাবিতে বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্র জোট বিক্ষোভ মিছিল করেছে।
বুধবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন সংলগ্ন মুরাদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এরপরে পুরাতন রেজিস্টার ও জাকসু ভবন প্রদক্ষিণ পূর্বক বিভিন্ন রাস্তা ঘুরে ক্যাম্পাসের বটতলায় গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী সেখানে একটি বিক্ষোভ সমাবেশ করা হয়। এ সময় বক্তব্য রাখেন- প্রগতিশীল ছাত্রজোটের অন্যতম নেতা বিশ্ববিদ্যালয় শাখা সমাজতাত্ত্বিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীসহ সকলকে সুযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ জায়গা সিনেটে গিয়ে তার মতামত, তার অধিকারের কথা বলতে। কিন্তু আমরা দেখতে পাই দেশে স্বৈরাচারের পতনের পর সংসদীয় গণতন্ত্র আসে তখন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে যায়।
তিনিব আরও বিশ্ববিদ্যালয় তখনই গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় হবে যখন সকলে তাদের মতামত ব্যক্ত করার জায়গা পাবে। শিক্ষার্থীদের মতামত ব্যক্ত করার জায়গা হলো ছাত্র সংসদ। মূলত ক্ষমতাসীনরা বিশ্ববিদ্যালয় তাদের একাধিপত্য হারানোর ভয় এবং ছাত্র সমাজের যথেষ্ঠ আস্থার অভাবেই দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ বন্ধ করে রাখা হয়েছে। আমরা অবিলম্বে জাকসু নির্বাচন দিয়ে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।
এছাড়া বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন- প্রগতিশীল ছাত্রজোটের অন্যতম কর্মী আতাউল হক চৌধুরী, সুদীপ্ত দে প্রমুখ।বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন বিভাগের প্রায় ৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।