দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি

১০ অক্টোবর ২০২৬, ১০:৫৪ PM
 দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা লিডিং ইউনিভার্সিটির

দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা লিডিং ইউনিভার্সিটির © টিডিসি ফটো

যুক্তরাজ্যের ‘ম্যান অব দ্য সেঞ্চুরি গ্লোবাল পাওয়ার অ্যাওয়ার্ডস-২০২৬’ অর্জন এবং সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিয়েছে লিডিং ইউনিভার্সিটি। একই অনুষ্ঠানে তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছে বিশ্ববিদ্যালয় পরিবার।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় সিলেটের লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাসে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ড. সৈয়দ রাগীব আলীকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নার্গিস ফুলের একটি চারা রোপণ করেন।

বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১-এ আয়োজিত অনুষ্ঠানে তাকে অভিনন্দন ও সংবর্ধনা জানান লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই, উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন, রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সদস্য সাদিকা জান্নাত চৌধুরী, সৈয়দ আব্দুল আজমাইন হাই, ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ রাফে হাই ও সৈয়দ আব্দুল হান্নানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

সংবর্ধনায় ড. সৈয়দ রাগীব আলী বলেন, ‘সিলেট অঞ্চলে শিক্ষার আগ্রযাত্রাকে আরো এগিয়ে নিতে সবাইকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করতে হবে। দক্ষ মানব সম্পদ তৈরী করতে হলে সাধারণ শিক্ষার পাশাপাশি গবেষণা ও কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে।’

সিলেটে পর্যটনশিল্পের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘পুন্যভূমি সিলেটে রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। তাই দেশ এবং দেশের বাইরের পর্যটকদের আকৃষ্ট করতে পর্যটন শিল্পের উন্নয়নে যোগাযোগ ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন করতে সরকার এবং সিলেট বাসিকে এগিয়ে আসতে হবে এবং গুরুত্ব সহকারে কাজ করতে হবে।’

তিনি সিলেটের শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন এবং নান্দনিক পর্যটন পরিবেশ গড়ে তুলতে আজীবন কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ কাজে সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সদস্য সাদিকা জান্নাত চৌধুরী ড. সৈয়দ রাগীব আলীকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তিনি বলেন, দানবীর ড. সৈয়দ রাগীব আলীর অনেক অর্জনের মধ্যে এ দুটি স্বীকৃতি বিশেষ গুরুত্বপূর্ণ। তাকে সম্মান জানিয়ে সংবর্ধনার আয়োজন করায় তিনি লিডিং ইউনিভার্সিটি ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও প্রাইমএশিয়া ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এ. এন. এম. মেশকাত উদ্দিন বলেন, লিডিং ইউনিভার্সিটিতে ড. সৈয়দ রাগীব আলীর অর্জন ও জন্মদিনকে ঘিরে এ আয়োজন আনন্দের ও প্রশংসনীয়। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই তিনি রাগীব আলীর সঙ্গে কাজ করছেন। রাগীব আলী শুধু কোনো একটি গোষ্ঠী বা অঞ্চলকে প্রতিনিধিত্ব করেন না, বরং পুরো দেশকে প্রতিনিধিত্ব করেন। জনকল্যাণমূলক কাজের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

অধ্যাপক মেশকাত উদ্দিন ড. সৈয়দ রাগীব আলীর লেখা ‘আমার জীবন আমার স্মৃতি’ গ্রন্থের বিভিন্ন বিষয় উল্লেখ করে সেখান থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, সিলেটের উন্নয়নে মানবিক, শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী ব্যক্তি হিসেবে ড. সৈয়দ রাগীব আলীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, ‘দানবীর ড. সৈয়দ রাগীব আলী রয়েছেন মানবতার শীর্ষ পর্যায়ে যিনি কাউকে ফিরিয়ে দেননা।’

উপাচার্য আরও বলেন, লন্ডনে নেতৃত্ব, উদ্ভাবন, ব্যবসা ও অন্যান্য ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে রাগীব আলীর ‘ম্যান অব দ্য সেঞ্চুরি’ পুরস্কার অর্জন বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য গর্বের বিষয়। অনুষ্ঠানে উপস্থিত থাকায় তাকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি রাগীব আলীর নির্দেশনায় লিডিং ইউনিভার্সিটি এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও প্রাইমএশিয়া ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এ. এন. এম. মেশকাত উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রেজাউল করিম, রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, প্রক্টর মো. মাহবুবুর রহমান, ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক ডা. মো. আব্দুল মজিদ মিয়া, ট্রাস্টি বোর্ডের সচিব প্রকৌশলী মো. লুৎফর রহমান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোহাম্মদ কবির আহমেদ এবং বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকরা। এ ছাড়া রাগীব নগর এলাকার বাসিন্দাদের মধ্যে মো. আব্দুল রকিব, এনামুল হক মাক্কু ও মো. জালাল আহমেদ উপস্থিত ছিলেন।

ইংরেজি বিভাগের প্রভাষক এনাম আহমেদ ও উম্মে কুলসুম মিলির সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফজলে এলাহী মামুন। মানপত্র পাঠ করেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জহোরা জামিন জোহা। অনুষ্ঠানে ড. সৈয়দ রাগীব আলীর লেখা ‘আমার জীবন আমার স্মৃতি’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। পাশাপাশি তার জীবন ও কর্মের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

সাংস্কৃতিক পর্বে পুঁথিপাঠ করেন পুঁথি সম্রাট জালাল খাঁন ইউসুফী। রাগীব-রাবেয়া লোকসংস্কৃতি পরিষদের আয়োজনে বাউল গান পরিবেশন করেন বাউল শিল্পী এম এ জাহিদ হোসেন ও তার দল। এ ছাড়া বিরহী লাল মিয়া, বাউল নোমান উদ্দিন রিপন, বাউল মশিউর রহমান মঞ্জিল, কণ্ঠশিল্পী মায়া আক্তার ও বন্যা সরকার গান পরিবেশন করেন।

ড. সৈয়দ রাগীব আলীকে উৎসর্গ করে ‘রাগীব আলী সৃষ্টির কারিগর’ শিরোনামে স্বরচিত কবিতা পাঠ করেন আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম। এ ছাড়া কবিতা পাঠ করেন কবি ফজলুর রহমান ফজলু ও তারেশ কান্তি তালুকদার। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন রাগীব নগরবাসী আলহাজ সৈয়দ আশরাফ।

উল্লেখ্য, ২০২৬ সালের সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ নির্বাচনে ড. সৈয়দ রাগীব আলী সভাপতি এবং তার প্যানেল থেকে আব্দুল আহাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬
৫৮ কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ শিশু হাসপাতালে, আবেদ…
  • ১০ অক্টোবর ২০২৬