জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনেবিলিটি উইক’

১০ অক্টোবর ২০২৬, ১০:৪৪ PM
ডিআইইউতে শুরু হলো ‘সাসটেইনেবিলিটি উইক’

ডিআইইউতে শুরু হলো ‘সাসটেইনেবিলিটি উইক’ © টিডিসি ফটো

জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘ডিআইইউ সাসটেইনেবিলিটি উইক ২০২৬’। শনিবার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ড্যাফোডিল স্মার্ট সিটি ক্যাম্পাসে শুরু হওয়া এ আয়োজনে প্রথম দিন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম, র‍্যালি ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে প্রচারণা চালানো হয়। পাশাপাশি সামাজিক সমস্যা সমাধানে তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে শুরু হয়েছে ‘সোশ্যাল বিজনেস এক্সপোজার প্রোগ্রাম’।

‘ড্রাইভিং অ্যাকশনেবল ইএসজি আউটকামস, গ্রিন ইনোভেশন, ইয়ুথ এমপাওয়ারমেন্ট অ্যান্ড কমিউনিটি ওয়েল-বিয়িং’ প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচি চলবে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত। পরিবেশ সুরক্ষা, তারুণ্যের ক্ষমতায়ন ও জনকল্যাণ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে ‘কমিউনিটি ওয়েল-বিয়িং’ বা জনকল্যাণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল এবং সাসটেইনেবিলিটি উইংয়ের উপদেষ্টার উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। ‘কমিউনিটি ফার্স্ট’ বা ‘কমিউনিটি সবার আগে’ মূলমন্ত্রকে সামনে রেখে উদ্বোধনী দিনের কার্যক্রমে ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গুরুত্ব পায়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের হেলথ অ্যান্ড লাইফ সায়েন্স অনুষদের উপদেষ্টা ডেঙ্গু সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য দেন। পরে পাবলিক হেলথ বিভাগের প্রধান শিক্ষার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর উদ্দেশে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত স্বাস্থ্য নির্দেশনা দেন।

আলোচনা শেষে ক্যাম্পাস থেকে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের একটি দল ক্যাম্পাস-সংলগ্ন দত্তপাড়া ও বিরুলিয়া এলাকা পরিদর্শন করে। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে প্রচারণা চালানো হয়।

এদিকে, সাসটেইনেবিলিটি উইকের অংশ হিসেবে শনিবার থেকে শুরু হয়েছে সামাজিক সমস্যা সমাধানে উদ্ভাবনী ব্যবসা বিকাশের কর্মসূচি ‘সোশ্যাল বিজনেস এক্সপোজার প্রোগ্রাম’ (এসবিইপি)। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সোশ্যাল বিজনেস স্টুডেন্টস ফোরামের (এসবিএসএফ) নেতৃত্বে এবং বিশ্ববিদ্যালয়ের সাসটেইনেবিলিটি উইং ও ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টারের সহযোগিতায় এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

আগামী পাঁচ দিন ক্যাম্পাসে এ কর্মসূচির আওতায় সামাজিক ব্যবসার উন্নয়ন, কর্মশালা এবং তরুণ উদ্যোক্তাদের নিয়ে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে সামাজিক সমস্যা সমাধানে উদ্ভাবনী উদ্যোগ ও তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার সুযোগ তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ট্যাগ: ডিআইইউ
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬
৫৮ কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ শিশু হাসপাতালে, আবেদ…
  • ১০ অক্টোবর ২০২৬