‘coming soon...পাল্টে যাবে জীবন। কী হতে পারে?’ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ এই ৮টি শব্দের স্ট্যাটাস দেয়ার পর তোলপাড় সৃষ্টি হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। গত ২০ জানুয়ারি তাঁর ভেরিফায়েড পেইজে এই স্ট্যাটাসটি দেন। এরপর তাঁর ভক্তদের মধ্যে শুরু হয় জল্পনা-কল্পনা।
সোহেল তাজের ভক্ত-শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে ফলোয়ার এবং ফেসবুক ব্যবহারকারীরা নানা মন্তব্য করতে থাকেন। তাদের মধ্যে সৃষ্টি হয় নানা কৌতূহল। অনেকেই ধারণা করেন, ফের রাজনীতিতে ফিরছেন তরুণ এ রাজনীতিবিদ। সেই বার্তাই দিয়েছেন স্ট্যাটাসে।
তবে রাজনীতিতে ফেরার জল্পনার অবসান ঘটান সোহেল তাজ নিজেই। তিনি জানালেন, রাজনৈতিক সংগঠন নয়, সামাজিক সংগঠন গড়তে যাচ্ছেন। তিনি জানান, ‘অপরাজেয় তুমি’ নামে একটি সংগঠন গড়ে তুলেছেন।’ শিগগিরই এ সম্পর্কে সংবাদ সম্মেলন করে সবাইকে অবহিত করবেন বলে জানান তিনি।
দুর্নীতি, মাদক, সন্ত্রাস প্রতিরোধ করা হবে তাঁর নতুন সংগঠনের কাজ। পাশাপাশি মানুষকে স্বাস্থ্য সচেতন করে তোলাও অপরাজেয় তুমির অন্যতম প্রধান কাজ বলে জানা গেছে। আগামী মার্চে পূর্ণাঙ্গ কাজের বিবরণসহ সংবাদ সম্মেলনে হাজির হবেন স্বয়ং সোহেল তাজ।
প্রসঙ্গত, ২০০৮ সালের নির্বাচনে গাজীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৯ সালের ৬ জানুয়ারি সোহেল তাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিলেও ২০০৯ সালের ৩১ মে মন্ত্রিসভা থেকে আচমকা পদত্যাগ করেন। চলে যান সুদূর যুক্তরাষ্ট্রে। ২০১২ সালের ৭ জুলাই সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন। এরপর মাঝেমধ্যে সামাজিক কর্মকাণ্ডে উপস্থিত থাকলেও রাজনীতিতে যুক্ত হবেন না বলে তখন সাফ জানিয়ে দেন সাবেক এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।