© টিডিসি ফটো
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগ। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটার আয়োজন করা হয়।
শনিবার দুপুর ১টার দিকে শাখা ছাত্রলীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির উদ্বোধন করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শাখা ছাত্রলীগ সভাপতি সবুজ কাজী ও সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেলের নেতৃত্বে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শাখা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে কেক কাটেন নেতাকর্মীরা।
কেক কাটার পর মিয়া মোহাম্মদ রুবেল বলেন, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের ইন্তেকাল ও তার প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে ৪ জানুয়ারির পরিবর্তে আজ দিবসটি পালন করা হচ্ছে। ছাত্রলীগের অতীত ঐতিহ্য ও সুনাম অক্ষুন্ন রাখতে বাকৃবি ছাত্রলীগ সর্বদা সজাগ ও সচেষ্ট থাকবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ জানুয়ারি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ২৯ জানুয়ারি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হবে।