ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজকে দু’টি মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। আজ বুধবার দুপুরে হাইকোর্টের নির্দেশে আদালতে আত্মসমর্পণ করলে অতিরিক্ত ৪র্থ মহানগর দায়রা জজ মাকসুদা পারভীন ও সন্ত্রাস দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোঃ মুজিবুর রহমান এ আদেশ প্রদান করেন। সাইফুল ইসলাম ফিরোজ বর্তমান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন।
তার আইনজীবী এড. উজ্জ্বল হোসেন ও এড. বাদল ব্যাপারী জানান, রমনা মডেল থানার দু’টি মামলায় হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করেন সাইফুল। আদালত জামিন না মঞ্জুর করে সাইফুল ইসলাম ফিরোজ কে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। আইনজীবীদের অভিযোগ এই মামলায় তিনি এজাহারভুক্ত আসামী নন। রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য পরে তাকে আসামি করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৪ সালে ঢাকার পরীবাগে একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজন আহত হয়ে মারা যান। পরে এ নিয়ে রমনা মডেল থানায় মামলা করে পুলিশ। ওই মামলায় অভিযুক্ত করা হয় ফিরোজকে।