মাশরাফি বিন মতুর্জা
বাংলাদেশকে সাফল্যের বন্দরে ভেড়াতে এতদিন ক্রিকেট মাঠে প্রতিপক্ষের বিরুেদ্ধে করণীয় নির্ধারণ করতেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা। তবে এবার রাজনীতির মাঠে অধিনায়কত্ব করবেন তিনি। নড়াইল-২ আসনের গণমানুষের উন্নয়নে করণীয় নির্ধারণ করবেন মাশরাফি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন মাশরাফি। জয়ের পরদিন অথাৎ আজ সোমবার দুপুর ১টার দিকে শহরের তাহেরা কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সাথে কথা বলেছেন তিনি। আগামীর নড়াইলকে কেমন দেখতে চান, জানিয়েছেন সে কথা।
বিজয়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, নড়াইল হবে দেশের শ্রেষ্ঠতম বাসযোগ্য স্থান। এজন্য তার প্রথম পদক্ষেপ হবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন।’ খেলাধুলার উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, সন্ত্রাস এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ভূমিকা রাখার কথা জানান তিনি।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচনী গণসংযোগের সময় দেখেছি নড়াইলের সড়ক যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত। দায়িত্ব নেয়ার পর এসব যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়নে কাজ করতে চাই। কাজের মান যাতে ভালো হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। শুনেছি সড়কে কাজ করার ২/১ বছরের মধ্যে আবারও সেটি চলাচলের অনুপোযোগী হয়ে যায়। সরকার থেকে যে বরাদ্দ আসে সেটিকে সঠিকভাবে জনগণের জন্য কাজে লাগাতে চাই।
স্বাস্থ্য ও শিক্ষার ব্যাপারে গুরুত্ব দিয়ে বলেন, নড়াইলে কোনো মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয় করা যায় কিনা সে ব্যাপারে সম্ভাব্যতা যাচাই করে প্রধানমন্ত্রীর সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।
এছাড়া কৃষির ব্যাপারে তিনি বলেন, ইতোমধ্যে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন থেকে জেলার দরিদ্র কৃষকদের বিনামূল্যে বীজ দেয়া হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে এবং কৃষকদের বিভিন্ন সমস্যা কিভাবে সমাধান করা হবে।
এ সময় খেলার মাঠের মাশরাফি আর রাজনীতির মাঠের মাশরাফির মধ্যে কোনো পার্থক্য থাকবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, দেশের জন্য যেমন খেলেছি, তেমনি রাজনীতির মাঠে থেকে দেশের সেবা করার চেষ্টা করব। আগামীকাল ১ জানুয়ারি ঢাকায় গিয়ে বিপিএলের দিকে মনোনিবেশ করবেন বলেও জানান এই ক্রিকেট তারকা।
উল্লেখ্য, নড়াইল-২ আসনে মাশরাফি ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৮৮৩ ভোট।