যেসব আসনে জয় পেয়েছে ধানের শীষ

৩১ ডিসেম্বর ২০১৮, ১০:৪৫ AM

© ফাইল ফটো

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রকাশিত ফলাফলে সারাদেশের ২৯৯টি আসনের মধ্যে ৭টি আসনে জয় লাভ করেছে ঐক্যফ্রন্ট। এর মধ্যে ৬টি আসন পেয়েছে ধানের শীষ। বাকি এক আসন পেয়েছে উদীয়মান সূর্য প্রতীক। রবিবার দিবাগত রাত ৪টায় নির্বাচন কমিশন সচিব হেলালউদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান।

নির্বাচনের বেসরকারি ফলা্ফল অনুযায়ী, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিজয়ী হয়েছেন মোশারফ হোসেন। ধানের শীষের এই প্রার্থী পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৫৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোটের নৌকা মার্কার জাসদের প্রাথী রেজাউল করিম তানসেন পেয়েছেন ৮৬ হাজার ৪৮ ভোট।

বগুড়া-৬ আসনে ২ লাখ ৫ হাজার ৯৮৭ ভোট পেয়ে জয় লাভ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙল প্রতীকের প্রার্থী নূরুল ইসলাম ওমর ৩৯ হাজার ৯৬১ ভোট পেয়েছেন। 

মৌলভীবাজার-২ আসনে প্রথমবারের মতো জয় লাভ করেছে ধানের শীষ। এই আসনে ধানের শীষের প্রতীক নিয়ে লড়েছেন ঐক্যফ্রন্টের প্রার্থী ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। ৭৯ হাজার ৭৪২টি ভোট পেয়ে তিনি জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের শাহীন পেয়েছেন ৭৭ হাজার ১৭০ ভোট।

চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, নাচোল ও গোমস্তাপুর) আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল ইসলাম ১ লাখ ৭৫ হাজার ৪৬৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জিয়াউর রহমান পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৯৫২ ভোট।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন- হারুন-অর-রশীদ: চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপি হারুনুর রশিদ ১,৩৩,৬৬১ ভোট পেয়ে আওয়ামী লীগ প্রার্থী আবদুল ওদুদকে পরাজিত করেন। নৌকা প্রার্থী পান ৮৫,৯৩৮ ভোট। ওই আসনে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি নুরুল ইসলাম বুলবুল স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করেন।

ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল হককে। ধানের শীষ প্রতীকে জাহিদ পেয়েছেন ৮৭ হাজার ১৬৫ ভোট। আর মোটরগাড়ি প্রতীকে ইমদাদুল হকের প্রাপ্ত ভোট ৮৪ হাজার ১০৯ ভোট।

অন্যদিকে সিলেট-২ আসনে ‘উদীয়মান সূর্য’ প্রতীকে ৬৯ হাজার ৪২০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের সমর্থিত প্রার্থী গণফোরামের মোকাব্বির খান। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান ‘ডাব’ প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৪৪৯ ভোট। 

এদিকে নির্বাচনের ফলাফল পুরোপুরি প্রত্যাখ্যান করে নির্দলীয় সরকারের অধীনে  নতুন নির্বাচনের দাবি জানিয়েছে ঐক্যফ্রন্ট। রবিবার রাতে বেইলি রোডের বাসায় তাৎক্ষণিক পতিক্রিয়ায় ড. কামাল হোসেন এ দাবি জানান।

তিনি বলেন, দেশের সব আসন থেকে একই রকম ভোট ডাকাতির খবর এসেছে। এখন পর্যন্ত বিভিন্ন দলের শতাধিক প্রার্থী নির্বাচন বর্জন করেছে। নির্বাচন কমিশনকে বলছি, এ নির্বাচন বাতিল করা হোক। আমরা ফলাফল প্রত্যাখ্যান করছি এবং নিরপেক্ষ সরকারের অধীনে অবিলম্বে নতুন নির্বাচনের দাবি জানাচ্ছি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই নির্বাচন নিষ্ঠুর প্রহসন, ভবিষ্যতে জাতির জন্য বড় ক্ষতি হয়ে গেল। তিনি বলেন, ‘শীর্ষ নেতারা ঢাকার বাইরে থেকে আসার পর পরবর্তী করণীয় নির্ধারণে বৈঠক অনুষ্ঠিত হবে।’

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬