© ফাইল ফটো
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা একদিন বন্ধ থাকার পর দেশের সব মোবাইল অপারেটর তাদের ইন্টারনেট সেবা চালু করেছে। নির্বাচন চলাকালীন সময়ে কেউ যাতে কোন রকম গুজব ছড়াতে না পারে সে লক্ষ্যে শনিবার সারা দেশে মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়া হয়।
শনিবার সকালে থ্রিজি ও ফোরজি বন্ধ এবং রাত পৌনে ১১টা থেকে অপারেটরদের মোবাইলের সব ধরনের ইন্টারনেট বন্ধ করে দেয়ার নির্দেশনা দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তবে ব্রডব্যান্ডের বিষয়ে কোনো নির্দেশনা ছিল না।
কমিশনের নির্দেশনায় মোবাইল ইন্টারনেট রোববার মধ্যরাত ১২টা পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছিল। তার আগেই তা চালু করা হলো। রবিবার সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল চারটায় শেষ হয়। এর দুই ঘণ্টা পরই মোবাইল ইন্টারনেট চালু করা হলো।
এর আগে বৃহস্পতিবার এক নির্দেশনায় দেশে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল অপারেটররা। তখন শুধু টুজি ইন্টারনেট চালু ছিল। টুজি ইন্টারনেটে ছবি এবং ভিডিও পাঠানো সম্ভব হয় না। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে বিপুল সংখ্যক গ্রাহক দ্রুত গতি ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারেননি।